মোশাররফ মাকে হত্যা করেছেন: বিলাওয়াল
‘সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ আমার মাকে হত্যা করেছেন।’ আততায়ীদের হাতে নিহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি সিএনএনকে দেওয়া এক সাক্ষাত্কারে এ অভিযোগ করেন। একই সঙ্গে যেকোনো উপায়ে বিলাওয়াল দেশের রাজনীতিতে বড় ধরনের ভূমিকা রাখবেন বলেও প্রতিশ্রুতি দেন।স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফেরার পর ২০০৭ সালের ২৭ ডিসেম্বর এক নির্বাচনী সমাবেশ শেষে ফেরার পথে আততায়ীদের গুলি ও বোমার বিস্ফোরণে নিহত হন বেনজির ভুট্টো। তত্কালীন প্রেসিডেন্ট মোশাররফ বেনজিরকে যথাযথ নিরাপত্তা না দেওয়ায় তাঁর মা নিহত হয়েছেন বলে মনে করেন বিলাওয়াল।বিলাওয়াল বলেন, ‘আমি নিশ্চিত, পাকিস্তান সরকার আমাকে পর্যাপ্ত নিরাপত্তা দেবে, যা আমার মায়ের ক্ষেত্রে দেওয়া হয়নি।’ মোশাররফ প্রশাসন ও একদল জঙ্গির যোগসাজশে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তিনি দাবি করেন।অক্সফোর্ডে পড়াশোনা শেষে গত বছর দেশে ফেরেন ২৩ বছর বয়সী বিলাওয়াল। তিনি বলেন, ‘আল-কায়েদা নির্দেশ দিয়েছে আর তালেবান জঙ্গিরা সেই নির্দেশ মোতাবেক হামলা চালিয়েছে। পারভেজ মোশাররফ এই হামলা চালানোর কথা জানার পরও আমার মায়ের নিরাপত্তাব্যবস্থা ইচ্ছে করে জোরদার করেননি। তিনি আমার মাকে হত্যা করেছেন। এই হত্যাকাণ্ডের জন্য আমি তাঁকে দায়ী মনে করি। অতীতে তিনি মাকে হুমকি দিয়েছিলেন। মোশাররফ বলেছিলেন, আপনার (বেনজির) নিরাপত্তা আমাদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার ওপর নির্ভর করে।’পারভেজ মোশাররফ দেশে জরুরি অবস্থা জারির মধ্য দিয়ে সবার চোখে পরদা দেওয়ার চেষ্টা করেছেন অভিযোগ করে বিলাওয়াল বলেন, তিনি (মোশাররফ) চাননি পাকিস্তানে গণতন্ত্র ফিরে আসুক। ‘আর আমার মা তাঁর বিরুদ্ধে বলতে শুরু করায় তিনি মায়ের নিরাপত্তা কমিয়ে দেন।’২০০৮ সালের আগস্ট থেকে পারভেজ মোশাররফ লন্ডন ও দুবাইয়ে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন।একদিন যদি পাকিস্তানের নেতা হন, তাহলে তিনি কী করবেন, এমন প্রশ্নের জবাবে বিলাওয়াল সিএনএনকে বলেন, ‘যেকোনোভাবে আমি আমার দেশবাসীকে সাহায্য করতে চাই।’ পাকিস্তান বর্তমানে একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি সবাইকে সহযোগিতা করার কথা বলেন।