মোশাররফ সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র মামলার প্রধান আসামি সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে আজ বুধবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বিভাগের সচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ায় মোশাররফকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে আজ আদেশ জারি হয়েছে।গত ২৬ ডিসেম্বর মোশাররফ হোসেন ভূঁইয়া ও সেতু কর্তৃপক্ষের নদীশাসন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব কাজী মো. ফেরদাউসকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁরা সেদিন ওই মামলায় জামিন নিতে গেলে হাইকোর্ট তাঁদের নিয়মিত বেঞ্চে আবেদন করতে বলেন। আদালত থেকে ফেরার পথে তাঁদের গ্রেপ্তার করা হয়।পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণ তদারকি কাজের পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্র মামলায় এই প্রথম কাউকে গ্রেপ্তার করা হয়। ১৭ ডিসেম্বর দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান আবদুল্লাহ আল জাহিদ বাদী হয়ে বনানী থানায় মামলাটি করেন। পরের দিন মোশাররফকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনসংযোগ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।মামলার অন্য আসামিরা হলেন: সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের, এসএনসি-লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল, আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ এবং এসএনসি-লাভালিনের স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্ট কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোস্তফা। মামলার এজাহারে বলা হয়, ‘একে অপরকে আর্থিকভাবে লাভবান করার অসত্ অভিপ্রায়ে অপরাধমূলক অসদাচরণ ও বিধিবিধান ভঙ্গ করে ঘুষ লেনদেনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম তারা পরিচালনা করেছে। এর মাধ্যমে পদ্মা সেতু প্রকল্পের নির্মাণকাজে নির্মাণ তদারকি পরামর্শক নিয়োগের ক্ষেত্রে অন্যতম দরদাতা এসএনসি-লাভালিন ইন্টারন্যাশনাল ইনকরপোরেটকে কার্যাদেশ পাইয়ে দেওয়ার ব্যবস্থা তারা করেছে। এই কাজ দণ্ডবিধির ১৬১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা অনুযায়ী অপরাধ করার অভিপ্রায়ে অপরাধমূলক ষড়যন্ত্র। এ ধরনের ষড়যন্ত্র দণ্ডবিধির ১২০(বি) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।’ আরও বলা হয়, ‘নির্মাণ তদারকি পরামর্শক হিসেবে এসএনসি-লাভালিন কার্যাদেশ পেলে ঘুষ লেনদেন সম্পন্ন হতো।’