প্রশাসনে সচিব ও যুগ্ম সচিব পদে রদবদল করা হয়েছে। এ ছাড়া একজন সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইয়াকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব সৈয়দ আতাউর রহমান অবসরপূর্ব ছুটিতে থাকায় এ পদে মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হলো। এ ছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্তকৃত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়। এদিকে ওএসডি যুগ্ম সচিব নিতাই চন্দ্র সেনকে পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং দুর্যোগ-ব্যবস্থাপনা ব্যুরোর পরিচালক (যুগ্ম সচিব) আবুল হাশেম আবদুল্লাহকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্ম সচিব করা হয়েছে।পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী হিসেবে প্রেষণে কমর্রত মো. ইকবালকে প্রত্যাহার করে নিজ কর্মস্থল সড়ক ও রেলপথ বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে। বান্দরবান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মুহাম্মদ সারওয়ার জাহানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন আশ্রয়ণ প্রকল্প-২ এর প্রকল্প প্রকৌশলী এবং তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজাকে বাংলাদেশ রাইফেলসের জনসংযোগ কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।এ ছাড়া আইন ও বিচার বিভাগের উপ-সলিসিটর এস এম সোলায়মানকে লক্ষ্মীপুরের জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন ও বিচার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।