মোশাররফকে গ্রেপ্তারে ইন্টারপোলকে তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে অবিলম্বে গ্রেপ্তারে ইন্টারপোলকে তাগিদ দিয়েছে পাকিস্তান। মোশাররফের বিরুদ্ধে ২০০৭ সালে পাকিস্তান পিপলস পার্টির সাবেক প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।বার্তা সংস্থা পিটিআইকে পাকিস্তানের রাষ্ট্রপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী চৌধুরী জুলফিকার আলী বলেন, পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফআইএ) মোশাররফকে গ্রেপ্তারের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে ইন্টারপোলকে আরেক দফা চিঠি দিয়েছে। একই সঙ্গে চিঠিতে অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করে পাকিস্তানের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়েছে, যাতে বেনজির হত্যাকাণ্ডের মামলায় তাঁকে আদালতে হাজির করা যায়।২০০৯ সাল থেকে লন্ডন ও দুবাইয়ে স্বেচ্ছা-নির্বাসনে থাকা ৬৮ বছর বয়সী পারভেজ মোশাররফকে গ্রেপ্তার করতে পাকিস্তান গত মার্চে আনুষ্ঠানিকভাবে ইন্টারপোলকে অনুরোধ করে।একই সঙ্গে এফআইএ ইন্টারপোলকে জানায়, মোশাররফকে গ্রেপ্তার না করা পর্যন্ত রাওয়ালপিন্ডির সন্ত্রাস-বিরোধী আদালতের জারি করা এই গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকবে।চৌধুরী জুলফিকার আলী জানান, ইন্টারপোলকে জানানো হয়েছে যে ২০০৭ সালের ডিসেম্বরে রাওয়ালপিন্ডিতে আত্মঘাতী হামলায় বেনজির ভুট্টোকে হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিলের পর আদালত মোশাররফের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।আততায়ীর হামলায় বেনজির ভুট্টো নিহত হওয়ার পর তদন্ত কর্মকর্তাদের সহযোগিতা করতে আদালতের বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও পারভেজ মোশাররফ কোনো ধরনের সহযোগিতা করেননি। এতে ওই হত্যাকাণ্ডের সঙ্গে মোশাররফ জড়িত বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে ২০০৭ সালের অক্টোবরে স্বেচ্ছা-নির্বাসন থেকে দেশে ফেরা বেনজিরকে যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগও তাঁর বিরুদ্ধে আনা হয়েছে।