মোশাররফকে দোজখে পাঠানোর হুমকি
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ দেশে ফিরলে তাঁকে হত্যার হুমকি দিয়েছে দেশটির তালেবান। তালেবানের এক ভিডিও বার্তায় বলা হয়েছে, ‘মোশাররফকে দোজখে পাঠানের জন্য ইসলামের মুজাহিদেরা একটি বিশেষ বাহিনী গঠন করেছে। এই বাহিনীতে আত্মঘাতী বোমা হামলাকারী ও গুপ্তঘাতক রয়েছে।’বার্তা সংস্থা রয়টার্স এই ভিডিওটি পেয়েছে। আজ শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তালেবান নেতা আদনান রাশেদ ভিডিওটিতে মোশাররফকে হত্যার এই হুমকি দিয়েছেন। এর আগে সাবেক এই প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করেছিলেন তালেবানের ওই নেতা। দুবাই ও লন্ডনে প্রায় চার বছর স্বেচ্ছায় নির্বাসনে থাকার পর আগামীকাল রোববার দেশে ফেরার ঘোষণা দিয়েছেন পারভেজ মোশাররফ। ১১ মার্চের সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার জন্য পাকিস্তানে আসছেন তিনি।৯/১১-এর হামলার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে অংশ নেন মোশাররফ। পরে পাকিস্তানেও জঙ্গিবিরোধী অভিযান চালান তিনি। এসব পদক্ষেপে মোশাররফের ওপর তালেবান ও অন্যান্য উগ্র গোষ্ঠীগুলো ক্ষুব্ধ। ১৯৯৯ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির ক্ষমতা দখল করেন তত্কালীন শীর্ষ সেনা কর্মকর্তা পারভেজ মোশাররফ। ২০০১ সালে তিনি প্রেসিডেন্টের পদ দখল করেন। ২০০৮ সালের পার্লামেন্ট নির্বাচনে হেরে যায় পারভেজ মোশাররফের দল। একই বছরের আগস্টে অভিশংসনের হুমকির মুখে পদত্যাগ করেন তিনি। ২০০৯ সালের শুরুর দিকে তিনি স্বেচ্ছায় নির্বাসনে যান।দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে মোশাররফ পাকিস্তানে গ্রেপ্তার হতে পারেন। ২০০৭ সালে বেনজির আততায়ীর হাতে নিহত হন।