মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ নিয়ে শুনানি শুরু
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার বিষয়ে আবেদনের ওপর শুনানি চলছে। আজ সোমবার সকালে এ শুনানি শুরু হয় বলে ডন অনলাইনের খবরে জানানো হয়।বিচারপতি জওয়াদ এস খাজার নেতৃত্বে দুই সদস্যের বিচারপতির বেঞ্চে শুনানি চলছে। এর আগে এই বেঞ্চের সদস্য ছিলেন তিনজন। অন্যতম সদস্য প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরী এ বিষয়ে শুনানি গ্রহণে অপারগতা প্রকাশ করেন।লাহোর হাইকোর্টের রাওয়ালপিন্ডি বেঞ্চের আইনজীবী সমিতির সভাপতি প্রেসিডেন্ট চৌধুরী তৌফিক আসিফ আবেদনটি করেন। আদালতকে তিনি বলেন, ২০০৭ সালে জরুরি অবস্থা জারির কারণে সংবিধানের ৬ নম্বর ধারা অনুযায়ী তাঁর (মোশাররফ) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা যায়, যা তাঁর পতন ডেকে আনে ।চার বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে তালেবানের হুমকি ও গ্রেপ্তারের আশঙ্কা উপেক্ষা করে গত ২৪ মার্চ দেশে ফেরেন মোশাররফ। আগামী ১১ মে দেশটিতে সাধারণ নির্বাচন হবে। করাচি, ইসলামাবাদ, চিত্রল ও কাসুর—এ চার আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক এই প্রেসিডেন্ট।