মোশাররফের ‘দ্বিধা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকের ব্যস্ত শিল্পী মোশাররফ করিম এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন টেলিভিশন ছবির শুটিং নিয়ে। শুধু টেলিভিশনই নয়, মোশাররফকে নিয়ে আরও বেশ কিছু চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছেন তরুণ নির্মাতারা। এরই মধ্যে হিমেল আশরাফ জানালেন শিগগিরই তিনি মোশাররফ করিমকে নিয়ে দ্বিধা নামের একটি ছবির শুটিং শুরু করবেন। ছবির গানগুলো রেকর্ডিং করা হয়েছে কলকাতায়। ছবির পাণ্ডুলিপির উপদেষ্টার দায়িত্ব পালন করছেন আনিসুল হক। ছবির নাম দ্বিধা কেন? এমন প্রশ্নের উত্তরে হিমেল বললেন, ছবিতে দুই বন্ধু। এদের মধ্যে মোশাররফ ভাইয়ের চরিত্রটি এমন যে সে কোনো মেয়েকেই পছন্দ করে না। তার বন্ধু একটি মেয়েকে পছন্দ করানোর জন্যই একটি গোপন মুঠোফোনের নম্বর থেকে মেয়ে সেজে এসএমএস করে। এরপর ওই বন্ধু মোশাররফের আগ্রহ বাড়াতে নিজের বান্ধবীকে মোশাররফের সঙ্গে প্রেমের অভিনয় করতে বলে। একসময় মেয়েটি সত্যি সত্যি প্রেমে পড়ে যায় মোশাররফের। শুরু হয় দ্বিধাদ্বন্দ্ব। অভিনয় প্রসঙ্গে মোশাররফ বললেন, হিমেলের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। গল্পটি পুরোপুরি পাওয়ার পরই শিডিউল চূড়ান্ত করা হবে।