মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে ওসামা বিন লাদেন
ওসামা বিন লাদেন আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন ২০০১ সালের ১১ সেপ্টেম্বর। ওই দিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টুইন টাওয়ারে হামলার ঘটনায় তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়। আহত হয় শত শত লোক। লাদেনের সংগঠন আল-কায়েদা এ ঘটনার দায়-দায়িত্ব স্বীকার করে। ওই ঘটনার পর সৌদি বংশোদ্ভূত ওসামা হয়ে ওঠেন মার্কিনিদের কাছে ভয়, আতঙ্ক আর ঘৃণার পাত্র। কে এই ওসামা বিন লাদেন? কীভাবে তিনি আলোচনার কেন্দ্রে এলেন?ওসামার জন্ম ১৯৫৭ সালে, সৌদি আরবে। তিনি ছিলেন দেশটির শীর্ষ নির্মাণ প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ বিন লাদেনের ১৭তম সন্তান। ওসামারা ৫১ ভাইবোন। ১৭ বছর বয়সে ওসামা প্রথমবারের মতো বিয়ের পিঁড়িতে বসেন। সিরিয়ায় বসবাসরত এক দূর সম্পর্কের বোনকে তখন তিনি বিয়ে করেন। পরে অবশ্য আরও চারবার তিনি বিয়ে করেছিলেন বলে জানা যায়।সৌদি আরবের জেদ্দায় বাদশাহ আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ে পুরকৌশলে পড়ার সময় ওসামা রক্ষণশীল ইসলামপন্থী শিক্ষক ও ছাত্রদের সংস্পর্শে আসেন। তখন তাঁর মনে হয়, পশ্চিমাদের কারণে মুসলমানরা সন্ত্রাসের শিকার হচ্ছে। এমন চিন্তাভাবনা থেকেই তিনি জড়িয়ে পড়েন মৌলবাদী কার্যক্রমে।ওসামার জীবনে ১৯৭৯ সালটি খুবই গুরুত্বপূর্ণ। ওই বছরের ডিসেম্বরে সোভিয়েত বাহিনী আফগানিস্তানে হামলা চালায়। তিনি সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে অবস্থান নেন এবং এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধ করেন। গোয়েন্দা বিশেষজ্ঞরা মনে করেন, ওই সময় ওসামাসহ মুজাহিদদের অস্ত্র ও প্রশিক্ষণ দিতে সক্রিয় ভূমিকা পালন করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। অর্থাত্ মার্কিনিদের সাহায্য-সহযোগিতাতেই তিনি প্রথম যুদ্ধকৌশল শেখেন।১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সময় ওসামার এ দৃষ্টিভঙ্গি বদলে যায়। রাশিয়া নয় তখন যুক্তরাষ্ট্র ওসামার শত্রু হয়ে যায়। মধ্যপ্রাচ্যে মার্কিনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে তিনি মিশ্র যুদ্ধ কৌশল প্রয়োগ করেন। তাঁর বিরুদ্ধে নানাবিধ সন্ত্রাসী হামলা ও কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৯৯৪ সালে সৌদি সরকার তাঁর নাগরিকত্ব বাতিল করে। ১৯৯৬ সালের জানুয়ারিতে ওসামা আফগানিস্তানে ফিরে যান। সময়টা তখন সেখানকার তালেবান জঙ্গিসহ মৌলবাদীদের অনুকূলে। লাদেনের আফগানিস্তান যাত্রা এতে যোগ করে নতুন মাত্রা। এর মাত্র নয় মাস পর তালেবান আফগানিস্তান দখলে নেয়।বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন খাতে ওসামা বিন লাদেনের প্রচুর বিনিয়োগ ছিল। এ থেকে পাওয়া অর্থ আল-কায়েদার সুসজ্জিত নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর কাছে চলে যেত। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলতে থাকে আল-কায়েদার কার্যক্রম। ১৯৯৮ সালের ফেব্রুয়ারি মাসে ওয়ার্ল্ড ফ্রন্টের পক্ষে ওসামা ইহুদি ও খ্রিষ্টানদের বিপক্ষে জিহাদ ঘোষণা করেন। তিনি বলেন, ‘আমেরিকা ও তাঁর মিত্রদের হত্যা করা মুসলমানের দায়িত্ব।’ এর ছয় মাস পর কেনিয়া ও তানজানিয়ায় মার্কিন দূতাবাসে বোমা হামলায় ২২৪ জন নিহত এবং প্রায় পাঁচ হাজার মানুষ আহত হয়। এ ঘটনার জন্য ওসামা ও তাঁর ১৬ সহযোগীকে বোমা হামলার সন্দেহভাজন প্রধান পরিকল্পনাকারী বলে ধারণা করা হয়। টুইন টাওয়ারে হামলার ঘটনার পর ওসামা মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইর মোস্ট ওয়ান্টেট তালিকার শীর্ষে ঠাঁই পান। তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য দুই কোটি ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়। তাঁকে হত্যার জন্য আফগানিস্তানের পূর্বাঞ্চলে আল-কায়েদার ছয়টি প্রশিক্ষণ ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে প্রতিবারই তারা ব্যর্থ হয় । এ ছাড়া ১৯৯৫ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে গাড়ি ও ট্রাকবোমা হামলায় ১৯ মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায়ও ওসামা জড়িত বলে অভিযোগ আছে। ওসামা বলতেন, ‘আমি সব সময় আমেরিকানদের হত্যা করি। কারণ, তাঁরা আমাদেরকে হত্যা করে। আমরা যখন মার্কিনিদের ওপর হামলা চালাই, তখন আমরা অন্যদের ক্ষতি করি না।’ তবে নাইরোবি ও দারুস সালামে হামলার পর তাঁর এ বক্তব্য গ্রহণযোগ্যতা হারায়। কারণ, ওই দুটি হামলায় বহু আফ্রিকান মারা যায়।মার্কিন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই ওসামার খোঁজ পাচ্ছিল না। তবে তিনি মাঝেমধ্যে বিভিন্ন অডিও ও ভিডিও বার্তার মাধ্যমে মানুষের সামনে হাজির হতেন। অবশেষ গতকাল রোববার যবনিকা ঘটে সবকিছুর। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ১০০ কিলোমিটার উত্তরে এবোটাবাদ এলাকায় একটি বাড়িতে মার্কিন অভিযানে অন্য সদস্যসহ বিন লাদেন নিহত হন। বিবিসি।