মোহন বাঁশি সুর ছড়াবে বৈশাখী উৎসবে
বৈশাখ এলেই কুমিল্লার হোমনার শ্রীমদ্দি গ্রামের কারুশিল্পীদের মুখে হাসি ফোটে। চৈত্র মাসজুড়ে এ-বাড়ি ও-বাড়ি চলে প্রতিযোগিতা—কে কত বাঁশি বানাতে পারে, কার চেয়ে কে বেশি বিক্রি করতে পারে। আজ বৈশাখী উৎসবে সুরের আগুন ছড়িয়ে দেবে তাদের তৈরি মোহন বাঁশি।শ্রীমদ্দি গ্রামটি বাঁশির গ্রাম বলেই পরিচিতি পেয়েছে স্থানীয় লোকমুখে। সারা বছর ধরেই এখানকার কারিগরেরা বাঁশি তৈরি করে। তবে তাদের উৎপাদন ও বিক্রির প্রধান লক্ষ্য থাকে বাংলা নববর্ষের প্রথম দিনটি কেন্দ্র করেই। চৈত্র মাসের শুরু থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায়। তাদের তৈরি বাঁশি ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন এলাকায়।গত মঙ্গলবার দুপুরে শ্রীমদ্দি গ্রামে গিয়ে দেখা যায়, দারুণ ব্যতিব্যস্ত বাঁশির কারিগরেরা। প্রতিটি বাড়িতেই নারী-পুরুষ একত্রে কাজ করছে। কেউ কয়লার আগুনে লোহা গরম করছে। কেউ বা ওই লোহা দিয়ে বাঁশি ছিদ্র করছে। কেউ বাঁশিতে তুলির আঁচড় দিচ্ছে আবার কেউ বা গুনে গুনে বস্তায় ভরছে।বাঁশির কারুশিল্পীদের এ পেশা বংশপরম্পরা। চট্টগ্রাম ও ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে তারা সরু মুলি বাঁশ কিনে আনে। প্রথম ওই বাঁশ রোদে শুকানো হয়। এরপর বিভিন্ন ধরনের বাঁশির উপযোগী বাঁশগুলো বাছাই করে চেঁছে মসৃণ করে মাপ অনুসারে কাটতে হয়। মোহন বাঁশি, মুখ বাঁশি, নাগিনী বাঁশি, পাখি বাঁশিসহ নানা রকমের বাঁশি তৈরি করে কারিগরেরা। একটি বাঁশ থেকে কমপক্ষে পাঁচটি বাঁশি বানানো যায়। প্রতিটি বাঁশের দাম পাঁচ টাকা। আর বড় আকৃতির একটি বাঁশির দাম পড়ে পাঁচ-ছয় টাকা। ছোট বাঁশির দাম তিন টাকা। তবে মোহন বাঁশির দাম ১০ টাকা, মুখ বাঁশি আট টাকা, নাগিনী বাঁশি সাত টাকা এবং পাখি বাঁশি ছয় টাকা দরে বিক্রি হয়। বাঁশ আনা-নেওয়ার খরচ এবং কয়লার দাম বেড়ে যাওয়ায় আগের মতো লাভ হচ্ছে না বলে কারিগরেরা জানিয়েছে।শ্রীমদ্দি গ্রামের অশীতিপর বাঁশির কারিগর শশীমোহন বিশ্বাস বলেন, ‘ছোটবেলা থেকে দেখছি, এ গ্রামে বাঁশি বানানো হচ্ছে। এসব বাঁশি মেলায় মেলায় বিক্রি হয়। ছোট ছেলেপুলেরাই ছিল বাঁশি প্রধান ক্রেতা। এখন মেলার সংখ্যা কমে গেছে। বিক্রিও কমেছে।’বাঁশির কারিগরেরা অনেকে নিজেরাই উৎপাদন করে নিজেরাই বিক্রি করে। আর যাদের পুঁজি নেই, তারা মজুরির ভিত্তিতে তৈরি করে। জীবন চন্দ্র বিশ্বাস ও তাঁর স্ত্রী সাগরী চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমাদের পুঁজি নেই। তাই অন্যের কাজ করি। ১০০ বাঁশির মজুরি ২০ টাকা। প্রতিদিন প্রায় এক হাজার বাঁশি বানানো যায়।’গ্রামের লিটন চন্দ্র পাল বলেন, তাঁরা সারা বছরই বাঁশি বানিয়ে থাকেন। ওই বাঁশি বিভিন্ন মেলা উপলক্ষে বিক্রি করা হয়। এই কাজে তাঁকে সহযোগিতা করেন মা জ্যোৎস্না রানী পাল, স্ত্রী রিংকু রানী পাল ও বোন ইতি রানী পাল। বাঁশ, রং ও কয়লার দাম বাড়ার কারণে বাঁশি তৈরি করে আগের মতো লাভ হয় না বলে তিনি জানান। তাঁদের তৈরি বাঁশি পয়লা বৈশাখের দিন ঢাকার বৈশাখী মেলায় বিক্রি হবে। এ ছাড়া বৈশাখ মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানের মেলায় বিক্রি হবে বলে জানান তিনি।শ্রীমদ্দি গ্রামের যতীন্দ্র চন্দ্র বিশ্বাস বেশ গর্বের সঙ্গেই বলেন, ‘আমাদের শ্রীমদ্দি গ্রামের বাঁশি সিঙ্গাপুর, ব্রিটেন, জাপান, জার্মানি, নেদারল্যান্ড, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে রপ্তানি হচ্ছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা রপ্তানিতে সহায়তা করে।’হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল হক জানান, যুগ যুগ ধরে শ্রীমদ্দি গ্রামের বাসিন্দারা বাঁশি তৈরি করে আসছে। এটি তাদের ঐতিহ্যবাহী পেশা। আর্থিক সহায়তাসহ সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হলে গরিব কারুশিল্পীরা উপকৃত হতো বলে মনে করেন তিনি।