মোহনের স্মরণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে গতকাল শুক্রবার বিকেলে ক্রান্তির শিল্পীরা ছিলেন বিষণ্ন। তাঁরা বক্তৃতা, আবৃত্তি ও গানে স্মরণ করছিলেন প্রয়াত মুক্তিযোদ্ধা ও গণসংগীতশিল্পী মাহবুবুল হায়দার মোহনের স্মৃতি। দুই দশকের বেশি সময় ধরে তিনি সাংস্কৃতিক সংগঠন ক্রান্তি শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সংগঠনটি আয়োজন করেছিল তাঁর স্মরণসভা।সভায় বক্তারা বলেন, মাহবুবুল হায়দার মোহনের স্বপ্ন ছিল, তিনি যুদ্ধাপরাধীদের বিচার দেখে যাবেন। মৃত্যুর দুই দিন আগেও তিনি আক্ষেপ করে বলেছিলেন, ‘একটা আফসোস থেকে গেল আমার জীবনে, যুদ্ধাপরাধীদের বিচার নিজের চোখে দেখে যেতে পারলাম না।’মাহবুবুল হায়দার যেমন দেশের প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, তেমনি সাধারণ মানুষকে উজ্জীবিত করতে গণসংগীত গেয়েও রেখেছেন অসামান্য ভূমিকা। প্রচারবিমুখ এই মানুষটি কখনোই তারকা খ্যাতি চাননি; অন্যায়, অবিচার, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে মানুষের বিবেককে জাগ্রত করার জন্য কাজ করেছেন নিষ্ঠার সঙ্গে।বক্তারা আরও বলেন, নিজের জীবনের দিকে তিনি যতটা না ভেবেছিলেন, তার থেকে শতগুণ বেশি দেশের মানুষের মুক্তির কথা ভেবেছেন। তিনি তাঁর কাজের মধ্যেই বেঁচে থাকবেন।আলোচনা সভায় অংশ নেন গোলাম কুদ্দুছ, কবি নাসির আহমেদ, হাসান আরিফ, আফজাল হোসেন, আহ্কাম উল্লাহ, মানজার ইসলাম, মোহনপত্নী জাহানারা হায়দার প্রমুখ।মাহবুবুল হায়দার মোহনের লেখা ‘লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে’ গানটি পরিবেশন করে ক্রান্তি শিল্পীগোষ্ঠী। আবুল হাসানের ‘অপমানিত শহর’ কবিতা আবৃত্তি করেন মাসকুর-এ-সাত্তার। এ ছাড়া দলীয় আবৃত্তি পরিবেশন করে বৈকুণ্ঠ এবং সংগীত পরিবেশন করেন উদীচী, বহ্নিশিখা ও স্বভূমির শিল্পীরা।