মোহাম্মদ আলীকে সাময়িক বরখাস্ত
প্রতারণা মামলায় গ্রেপ্তার হওয়া শিক্ষা মন্ত্রণালয়ের এমএলএসএস মোহাম্মদ আলীকে (৪৫) চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার রাজধানীর মগবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বাংলাদেশ সরকারি চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির একাংশের সভাপতি মোহাম্মদ আলী সরকারি ছাপাখানা ‘বিজি প্রেসের’ ১২ কর্মচারীর চাকরি প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার মাধ্যমে স্থায়ী করার আশ্বাস দিয়ে তাঁদের কাছ থেকে ছয় লাখ ৮০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন। তাঁর সংগঠনের মহাসচিব জাহাঙ্গীর আলমও এই কাজে জড়িত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম ও ঘুষ বাণিজ্যের সঙ্গে মোহাম্মদ আলীর সম্পৃক্ততা ছিল বলে পুলিশ জানতে পারে।শিক্ষা মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারের তারিখ থেকেই মোহাম্মদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।