মোহাম্মদ নাশিদ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা ও আদালতের তলব উপেক্ষা করায় আজ সোমবার দেশটির সাবেক প্রেসিডেন্ট মো‏হাম্মদ নাশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়। পুলিশের মুখপাত্র হাসান হানিফ জানান, আজ সকালে স্থানীয় সময় নয়টা ৪৫ মিনিটে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি রাজধানী মালে থেকে দূরে অবস্থান করছিলেন। আদালত তাঁকে মালে ছেড়ে না যেতে নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে নাশিদের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো আদালতে হাজির হওয়ার নির্দেশ পালনে ব্যর্থতার অভিযোগও আনা হয়েছে। গতকাল রোববার আদালতের দেওয়া নির্দেশ অনুযায়ী নাশিদকে হাজতে রাখা হয়েছে। কাল মঙ্গলবার বিকেল চারটায় তাঁকে মালের আদালতে হাজির করা হবে। নাশিদের নির্দেশে গত জানুয়ারিতে মালদ্বীপের ফৌজদারি আদালতের প্রধান বিচারককে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। এই অভিযোগে করা মামলা অগ্রাহ্য করেন তিনি।সংস্কারবাদী নেতা মোহাম্মদ নাশিদ ছিলেন মালদ্বীপের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট। চলতি বছরের ফেব্রুয়ারিতে মালদ্বীপের রাজধানীতে পুলিশ ও সেনা বিদ্রোহের পর ক্ষমতা থেকে সরে দাঁড়ান তিনি। এরপর থেকে প্রায়ই দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বিক্ষোভ-সংঘর্ষে লিপ্ত হন নাশিদের সমর্থকেরা।