মোহাম্মদপুরে আ.লীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর লেগুনা শ্রমিক ফেডারেশনের সভাপতি ও ৪২ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর ইউনিটের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ওরফে মিঠুকে (৩০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুরের রিং রোডে এ ঘটনা ঘটে। কামরুজ্জামান মোহাম্মদপুরের টিক্কাপাড়ায় থাকতেন। পারিবারিক সূত্র জানায়, মুঠোফোনে ডেকে নিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।ঘটনার প্রত্যক্ষদর্শী কামরুজ্জামানের ব্যবসায়িক অংশীদার সোহরাব হোসেন বলেন, আজ বিকেলে একজন নারী একটি পুরান হিউম্যান হলার কেনার আগ্রহ প্রকাশ করেন। তিনি এ ব্যাপারে কথা বলতে তাঁকে সূচনা কমিউনিটি সেন্টারের সামনে সন্ধ্যা সাতটায় আসতে বলেন। কামরুজ্জামানের সঙ্গে তিনি সেখানে গিয়ে একটি দোকানের সামনে দাঁড়িয়ে চা পান করছিলেন। সন্ধ্যা সোয়া সাতটার দিকে কালো চশমা পরা এক সন্ত্রাসী কামরুজ্জামানকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। কালো চশমাধারী ওই সন্ত্রাসীর সঙ্গে আরও কয়েকজন ছিল। স্থানীয় লোকজন কামরুজ্জামানকে রক্তাক্ত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে নিহতের স্ত্রী ফাহমিদা খানসহ স্বজনেরা হূদরোগ ইনস্টিটিউটে যান। ফাহমিদা সাংবাদিকদের জানান, লেগুনা ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় হারুন নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর স্বামীর বিরোধ চলছিল। হারুন তিন-চার দিন ধরে লেগুনা স্ট্যান্ডে না আসতে হুমকি দিয়ে বলে, এখানে এলে তাঁকে গুলি করে হত্যা করা হবে। এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল ইসলাম বলেন, লেগুনা স্ট্যান্ডের টাকা-পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে খুনের ঘটনা ঘটেছে।পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশীদও প্রায় একই কথা বলেন।