মোহাম্মদপুরে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়ার এক বাসা থেকে আজ বুধবার সকালে কমলা খাতুন (২২) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, গৃহকর্মীর গলায় কালো দাগ থাকায় মৃত্যু নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শিহাবুদ্দিন বলেন, কমলা লালমাটিয়ার সি-ব্লকের একটি ভবনের চার তলায় কাজ করতেন। ওই ভবনের নিচ তলায় তাঁর বোন মনজিলাও গৃহকর্মী হিসেবে কাজ করেন। গত মঙ্গলবার রাতে তাঁরা দুই বোন চার তলায় একসঙ্গে ঘুমান। কিন্তু সকালে উঠে মনজিলা কমলাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।এসআই বলেন, গৃহকর্মীর গলায় কালো দাগ থাকায় মৃত্যু নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কমলার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। তিনি বিবাহিত।