মোহাম্মদপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরে একটি টিনের চালার বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম রেহেনা বেগম (২২)। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর জানান, রেহেনা বেগম স্বামীর সঙ্গে মোহাম্মদপুরের বিজলি মহল্লায় একটি টিনের চালার বাসায় থাকতেন। প্রতিবেশীদের বরাত দিয়ে এসআই আরও জানান, ওই গৃহবধূর স্বামী মো. সুজন আগে গাড়ি চালালেও এক বছর ধরে কিছুই করেন না। তিনি শ্বশুরবাড়ি থেকে টাকা আনার জন্য রেহেনার ওপর চাপ দিতেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে কলহ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর জের ধরে রেহেনা আত্মহত্যা করেছেন।আজ বেলা দুইটার দিকে দরজা ভেঙে ওই বাসা থেকে রেহেনার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। লাশটি ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।সূত্র জানায়, নিহতের গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকা উপজেলার জৈলসা গ্রামে। তাঁর বাবার নাম শাহজাহান মিয়া। তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।