মোহাম্মদপুরে নালায় দুই শিশুর লাশ
মোহাম্মদপুরের বছিলা রোডের একটি নালা থেকে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের নাম সোমা ও ঊর্মি। দুজনের বয়সই নয় বছরের মতো। তারা নূরজাহান রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত। শিশু দুটির প্রতিবেশীদের বরাত দিয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, গতকাল স্কুলে যেতে দেরি হওয়ায় ওই দুই শিশু বছিলা রোডের খ্রিষ্টান হাউজিংয়ের পাশে পানিনিষ্কাশনের নালার ওপর কালভার্টে খেলা করে। কিন্তু স্কুলের সময় শেষ হওয়ার পরও তারা বাড়িতে না ফিরলে তাদের পরিবার বিষয়টি পুলিশকে জানায়। এলাকায় মাইকিংও করা হয়।মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, আজ দুপুর ১২টার দিকে কয়েকটি শিশু ওই নালায় নামে। এ সময় তারা একটি লাশ দেখতে পায় এবং পানির নিচে আরেকটি লাশ তাদের পায়ে আটকায়। পরে খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, শিশু দুটি খেলতে গিয়ে নালায় পড়ে ডুবে যায়। নালা দুটি গভীর এবং কচুরিপানায় ঢাকা। তাই কেউ লাশ দেখতে পায়নি। আজ বাতাসে কচুরিপানা সরে যাওয়ায় অন্য শিশুরা লাশটি দেখতে পায়। ওসি আজিজুল হক আরও বলেন, শিশু দুটিকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ কেউ করেনি। মনে হচ্ছে, খেলতে গিয়ে তারা মারা গেছে। তার পরও পুলিশ বিষয়টি তদন্ত করবে। সোমার বাবার নাম আলাউদ্দিন এবং ঊর্মির বাবার নাম সিরাজুল। তাঁদের একজন অটোরিকশাচালক, অন্যজন দিনমজুর। তাঁরা মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিংয়ের বাসিন্দা।