মোহাম্মদপুরের শেখেরটেক, আদাবর, শ্যামলী ও এর আশপাশের অঞ্চলগুলো যেমন ঘনবসতিপূর্ণ, তেমনি আজকাল প্রায় বাণিজ্যিক এলাকা হয়ে উঠেছে। শপিংমল, রেস্তোরাঁর পাশাপাশি এসব অঞ্চলে মেডিকেল হল, কিন্ডারগার্টেন, বুটিক শপ, ইলেকট্রনিক সামগ্রী এমনকি ফার্নিচার তৈরি ও বিক্রির দোকানও রয়েছে। পাশাপাশি কাঁচাবাজারসহ ফল-ফুলের দোকান এবং এর ক্রেতার সংখ্যা দিন দিন বাড়ছে। এই অঞ্চলের মানুষের চাহিদার প্রতি লক্ষ রেখেই এসব নাগরিক আয়োজনের অপরিহার্যতা বাড়ছে। প্রশ্ন হলো, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অবকাঠামোগত উন্নয়নের চিত্রটি কেমন? একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই এলাকাবাসীর কাছে তা স্পষ্ট হয়ে ওঠে। এখানকার অধিকাংশ বাসার ভাড়া মাত্রাতিরিক্ত। বাড়িবাড়া-সংক্রান্ত কোনো কার্যকর আইন না থাকায় (অনেক ক্ষেত্রেই ভাড়াটে ও বাড়িওয়ালা সে সম্পর্কে অবগত না থাকায়) বছর বছর বাড়িভাড়া বৃদ্ধির ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে ছয় মাস অন্তর বাড়ছে। পাশাপাশি বেড়ে গেছে চুরি-ছিনতাই ও ডাকাতির ঘটনাও।এমনকি হাউজিং লিমিটেডের বাসাবাড়িগুলোতে আজকাল দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটছে। ইভ টিজিং, মাদকাসক্ত যুবকদের যত্রতত্র বিচরণ বেড়ে যাওয়ায় এবং তাদের পুনর্বাসনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সৃষ্টি হচ্ছে সামাজিক বিশৃঙ্খলা। মোহাম্মদপুরের বাঁশবাড়ি অঞ্চলটি পরিণত হয়েছে ‘মাদকরাজ্যে’।এলাকার কোমলমতি শিক্ষার্থীদের চারণভূমি হয়ে উঠেছে বাঁশবাড়ির বস্তি এলাকা। সেখান থেকে কিশোর, তরুণ, কম বয়সী এমনকি শিশুরাও মাদকের অবাধ ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠছে। রাস্তাঘাটের বেহাল দশা শুধু চরম যানজটের জন্যই দায়ী নয়, বরং পূর্বানুমতি বা ঘোষণা ছাড়াই শুরু হচ্ছে রাজনৈতিক সভা, যা শুধু শব্দদূষণ নয়, বিঘ্নিত করছে এলাকার পরিবেশ।আবার দীর্ঘ সময় ধরে চলতে থাকা তথাকথিত সড়ক উন্নয়নের নামে রাস্তাঘাট খোঁড়াখুঁড়ি এবং তা মেরামতের দীর্ঘসূত্রতা বাড়িয়ে দিয়েছে জনদুর্ভোগ। এলাকার অধিকাংশ চাকরিজীবী সাধারণ জনগণ প্রতিদিন সকালে এক রকম যুদ্ধের ময়দানে অবতীর্ণ হন রিকশাভাড়ার চক্রে পড়ে।স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নির্বাচিত এলাকা এটি। তাঁর প্রতি আবেদন, প্লিজ, এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে সচেষ্ট হয়ে আপনার নির্বাচনী এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি সর্বোপরি কলুষমুক্ত রাখতে এগিয়ে আসুন।রিফাত মুনীরশেখেরটেক, মোহাম্মদপুর।