মোহাম্মদপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
রাজধানীর মোহাম্মদপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শমশের মমিন ওরফে শিমুল (৩১) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার গভীর রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে এ ঘটনা ঘটে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তিনটি বিদেশি পিস্তল, একটি এলজি, দুটি গুলি, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করে।র্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, একদল সন্ত্রাসী ঢাকা উদ্যানে মহড়া দিচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে যায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। এতে শিমুলের শরীরে গুলি লাগে। এ সময় তাঁর সঙ্গীরা পালিয়ে যায়। শিমুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।র্যাব কর্মকর্তা সাফিউল আরও জানান, বন্দুকযুদ্ধের সময় একজন র্যাব সদস্য আহত হয়েছেন। নিহত শিমুলের বিরুদ্ধে মোহাম্মদপুর ও ধানমন্ডি থানায় তিনটি হত্যা মামলাসহ আটটি মামলা রয়েছে।