মোহাম্মদপুরের বস্তিতে আগুনের ঘটনায় দুই সন্দেহভাজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তিতে নাশকতামূলকভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সন্দেহে আজ শুক্রবার দুজনকে আটক করেছে পুলিশ। বাঁশবাড়ি বস্তিতে গত বুধবার রাতে অগ্নিকাণ্ডে ১৭৫টি বসতঘর এবং ১১টি দোকান পুড়ে যায়।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহাবুব হাসান প্রথম আলোকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকতে পারে সন্দেহে আজ দুপুরে রাজু (১৯) ও খোরশেদ আলম (৩০) নামের দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, তবে তাঁদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।বুধবার রাতে বস্তিতে আগুন লাগার পর থেকেই বস্তিবাসীরা নাশকতার অভিযোগ করে আসছিল, তবে দমকলের প্রতিবেদনে খোলাবাতি থেকে আগুনের সূত্রপাত বলে উল্লেখ করা হয়েছে। বস্তিবাসীর অভিযোগ, স্থানীয় কিছু প্রভাবশালী ভূমিদস্যু বস্তির জমি দখলের পাঁয়তারা করে আসছিল দীর্ঘদিন থেকেই। এ ছাড়া স্থানীয় কিছু মাদক ব্যবসায়ীও প্রকাশ্যে বস্তি উচ্ছেদের হুমকি দেয় বলে তাদের অভিযোগ।এ বিষয়ে দমকল বাহিনীর পরিচালক (পরিচালন) মেজর শেখ মো. শাহজালাল প্রথম আলোকে বলেন, ‘পুলিশ আমাদের কিছু জানায়নি। তারা যদি তদন্তে নাশকতার কোনো সূত্র পেয়ে থাকে, তবে তারা তদন্ত করতে পারে। তবে দমকলের প্রাথমিক প্রতিবেদনে বস্তিবাসীদের ভাষ্য অনুযায়ী অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ লেখা হয়েছে। আরও তদন্ত হলে বিষয়টি পরিষ্কার হবে।’