মোহাম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখার কেউ নেই
সিরাজগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্রের সিরাজী সড়কের পাশে অবস্থিত মোহাম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৫৭ সালে। বাইরে থেকে দেখে মনে হয় না এটি একটি স্কুল। ২০০০ সালে তিন কক্ষের একটি ভবন নির্মাণ করা হয়। এর মধ্যেই চাপাচাপি করে বসে ক্লাস করছে ছাত্রছাত্রীরা। নেই খেলার মাঠ। একটি পায়খানা থাকলেও তা ব্যবহারের অযোগ্য। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকলেও সরকারি প্রতিষ্ঠান হওয়ার কারণে কর্তৃপক্ষের দৃষ্টি নেই। অথচ প্রতি বছর এ স্কুল থেকে বৃত্তি পাচ্ছে আট থেকে ১০ জন শিক্ষার্থী।সরেজমিনে জানা গেছে, শহরের মধ্যখানে অবস্থিত বিদ্যালয়টির কাগজ-কলমে পাঁচ শতাংশ জায়গা থাকলেও বাস্তবে তা নেই। বিদ্যালয়টিতে তিনটি শ্রেণীকক্ষ আর শিক্ষকদের জন্য একটি ছোট বসার কক্ষ রয়েছে। শিক্ষার্থী রয়েছে ৩৩৫ জন। শিক্ষক রয়েছেন ছয়জন। শ্রেণীকক্ষের সংকটের কারণে একই কক্ষে দুই শ্রেণীর ক্লাস একই সময়ে নিতে হয়। বিদ্যালয়টি দুই শিফটে পরিচালিত হলেও শ্রেণীকক্ষ কম হওয়ায় সকাল সাড়ে নয়টার সময় শিশু শ্রেণী ও প্রথম শ্রেণী একসঙ্গে এবং দুপুরে দ্বিতীয় শিফটে দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের একসঙ্গে একই কক্ষে পাঠদান করা হচ্ছে। এ ছাড়া সহশিক্ষা কার্যক্রমে শরীরচর্চা ক্লাস বিদ্যালয়ের মাঠে হওয়ার কথা থাকলেও জায়গা না থাকায় স্কুলের বারান্দার ওপর তিন ফুট জায়গার ওপর দাঁড়িয়ে দুই সারিতে করা হচ্ছে। জাতীয় সংগীতও এভাবেই গাওয়া হচ্ছে। এতে তিন ভাগের এক ভাগ শিক্ষার্থী অংশ নিতে পারলেও অন্যরা বঞ্চিত হচ্ছে।প্রধান শিক্ষক রোকেয়া খাতুন বলেন, ‘১০ বছর ধরে এ বিদ্যালয়ে কর্মরত আছি। ১৯৫৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর টিনের ঘর থেকে ২০০০ সালে বিদ্যালয়টিতে সরকারিভাবে এক তলা ভবন নির্মাণ করা হয়। বিদ্যালয়ের জায়গার স্বল্পতা ও ভবিষ্যৎ চিন্তা করে স্থানীয় শুভানুধ্যায়ী ও স্কুল পরিচালনা কমিটির সদস্যদের আর্থিক সহযোগিতায় তিন তলা ভিত্তিপ্রস্তরের মধ্য দিয়ে এক তলাবিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়। পাকা ভবন নির্মাণের পর থেকে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। ২০০৮ সালে এটি দ্বিতলে রূপান্তর করার জন্য দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিযুক্ত করা হলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঠিকাদার কাজ শুরু করার এক দিন পর আকস্মিকভাবে উধাও হয়ে যান। এর পর থেকে বিদ্যালয়টি অর্ধভাঙা অবস্থায় রয়েছে। শ্রেণীকক্ষের সংকটে ছাত্রছাত্রী ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে। ভবনটি দ্বিতল করা হলে ওপরে ক্লাস করা হবে এবং সবার ওপরে ছাত্রছাত্রীদের শরীরচর্চা ক্লাস অনায়াসে নেওয়া যাবে। পাশাপাশি ছেলেমেয়েরা খেলাধুলাও করতে পারবে।বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বিমল দাস বলেন, ‘জেলার মধ্যে বিদ্যালয়টি থেকে প্রতি বছর গড়ে আটজন করে বৃত্তি পায়। এত ভালো ফলাফল অর্জন করলেও অবকাঠামোর দিক দিয়ে বিদ্যালয়টি শহরের অন্যান্য বিদ্যালয় থেকে শত ভাগ পিছিয়ে রয়েছে। আমরা সরকারের কাছে একটি দ্বিতল ভবন নির্মাণ করার জন্য দাবি জানাচ্ছি।’বিদ্যালয়ের শিক্ষক আমিনুল ইসলাম জানান, অবকাঠামোর অভাবে সুশিক্ষা প্রদান করা সম্ভব হচ্ছে না।সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল কবীর জানান, সমস্যাকবলিত বিদ্যালয়গুলোর অবকাঠামোর উন্নয়নের জন্য তালিকা তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় অনুমোদনও দিয়েছে। এখন কাজ করার দায়িত্ব স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের।সিরাজগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী মো. সাহানুর মিয়া জানান, নকশায় ত্রুটিজনিত কারণে দরপত্র আহ্বান করা হলেও তা কার্যকর করা সম্ভব হয়নি, যে কারণে ঠিকাদার কাজ করতে পারেননি। বর্তমানে নকশার ত্রুটির সমাধান হয়েছে, দ্বিতল ভবন নির্মাণ করার জন্য নতুনভাবে প্রাক্কলন তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছে।