মোহালি ম্যাচে নিরাপত্তায় ক্ষেপণাস্ত্রও মোতায়েন থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে কাল বুধবার পাঞ্জাবের মোহালিতে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের কাছে রোমাঞ্চকর দুই প্রতিদ্বন্দ্বীর এই ম্যাচ উপলক্ষে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। পুরো মোহালিতে বসানো হবে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ভারী কামান। একই সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বোমা নিষ্ক্রিয়করণ যন্ত্রের একটি দলও মোতায়েন থাকবে। ভারতের প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া আজ মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে।স্টেডিয়ামের চারপাশে এমনভাবে ক্ষেপণাস্ত্র বসানো হবে, যেন সন্ত্রাসীদের যেকোনো ধরনের বিমান হামলা প্রতিহত করা সম্ভব হয়। বোমা নিষ্ক্রিয়করণ দল যুক্তরাজ্যে নির্মিত ‘রিমোট-ভিকেইল’-এর (আরওভিস) মাধ্যমে যেকোনো শক্তিশালী বিস্ফোরক অকেজো করবে। এ ছাড়া যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চণ্ডী মন্দির এলাকায় বেশ কয়েকটি সারিতে ওয়েস্টার্ন কমান্ডের সেনা মোতায়েন থাকবে।ভারত-পাকিস্তানের এই ম্যাচে রোমাঞ্চ ও উত্তেজনার সঙ্গে আছে আরও একটি স্বপ্নও। এই ম্যাচ দুই দেশের সম্পর্কের উন্নয়ন ঘটাবে এমনটি আশা করছেন রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ জনগণ।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আহ্বানে কাল সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি চণ্ডীগড়ে আসবেন। গিলানির সঙ্গে থাকবেন ৫০ জন উচ্চপদস্থ কর্মকর্তা। মুম্বাইয়ে পাকিস্তানি সন্ত্রাসীদের আক্রমণের পর এ প্রথম দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ হবে। ভারত সরকারের পক্ষ থেকে অবশ্য এটাকে ‘অনানুষ্ঠানিক’ সাক্ষাত্ বলা হচ্ছে। পাকিস্তানের সঙ্গে মনমোহন সিংয়ের এ শান্তি প্রক্রিয়ায় কংগ্রেসের পূর্ণ সমর্থন দিতে মাঠে আরও উপস্থিত থাকবেন কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধী ও ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাও। গতকাল সকালে পাঞ্জাব রাজ ভবনে নিরাপত্তা এজেন্সির সঙ্গে সেনাবাহিনীর যৌথ সভায় মোহালিতে এ নিরাপত্তাব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। সভায় প্রদেশের গভর্নর শিবরাজ পাতিলসহ ওয়েস্টার্ন কমান্ডের উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিত ছিলেন।