মোহালি যাবেন গিলানি
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি দেখতে মোহালি যাচ্ছেন। খবর রয়টার্সের।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গত শুক্রবার পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে ৩০ মার্চ মোহালিতে অনুষ্ঠেয় ভারত-পাকিস্তানের মধ্যকার বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল খেলা দেখার আমন্ত্রণ জানান। রাজনৈতিক বিশ্লেষকেরা এই আমন্ত্রণকে ‘ক্রিকেট কূটনীতি’ নামে অভিহিত করছেন।নিমন্ত্রণপত্র পাঠানোর সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি উজবেকিস্তানে অবস্থান করছিলেন। গতকাল শনিবার দেশে ফিরে তিনি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে দেখা করে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেন।জারদারির মুখপাত্র ফারহাতুল্লাহ বাবরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাবর বলেছেন, ‘আমরা মনমোহন সিংয়ের আমন্ত্রণকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ওই ম্যাচ দেখতে ভারত যাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ভারত-পাকিস্তানের নেতাদের এই ক্রিকেট-কূটনীতি নতুন কিছু নয়। এর আগে ১৯৮৭ সালে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জিয়াউল হক দেশ দুটির মধ্যে অনুষ্ঠিত একটি এক দিনের ক্রিকেট ম্যাচ দেখতে ভারত গিয়েছিলেন। ২০০৫ সালে সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফও একই ধরনের সফরে ভারত গিয়েছিলেন। তাঁর সেই সফর ভারত-পাকিস্তানের মধ্যে বিদ্যমান বিতর্কিত বিষয়ের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিশ্লেষকেরা বলছেন, গিলানির এই সফর ভারত-পাকিস্তানের মধ্যে বিতর্কিত বিষয় নিয়ে আলোচনার পথ মুক্ত করবে।৩০ মার্চ ভারতের উত্তরাঞ্চলীয় শহর মোহালিতে ক্রিকেটের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে বিশ্বকাপের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গি হামলার পর দেশ দুটির মধ্যে চরম কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। ওই ঘটনার পর এই প্রথম পাকিস্তান ক্রিকেট দল ভারতে এসেছে। দেশ দুটির মধ্যে এখনো ওই হামলার বিষয়টি নিয়ে উত্তেজনা চলছে। মুম্বাই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তাইয়েবাকে ভারত দায়ী করে আসছে। মুম্বাই হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৭০ জন মানুষ।৩০ মার্চের ওই ম্যাচের টিকিটপ্রাপ্তি নিয়ে ভারত ও পাকিস্তানের দর্শকদের মধ্যে ব্যাপক হইচই হচ্ছে। ম্যাচটি দেখার জন্য ভারত মাত্র পাঁচ হাজার পাকিস্তানিকে ভিসাসহ টিকিট দিয়েছে। মোহালিতে এসে খেলা দেখার ক্ষেত্রে পাকিস্তানি দর্শকদের জন্য এমন বিধিনিষেধ আরোপ করায় ভারত সমালোচনার মুখে পড়েছে। এদিকে ভারতের নিরাপত্তা বাহিনী ওই ম্যাচ উপলক্ষে ভারতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।