মোহালিতে ক্রিকেটকে ঘিরে যেন যুদ্ধের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বুধবার মোহালিতে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপের ভারত-পাকিস্তান সেমিফাইনাল। খেলা দেখতে দুই দেশের প্রধানমন্ত্রীরা মাঠে আসবেন। ২০০৮ সালে মুম্বাইয়ে হামলার পর এই প্রথম দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে। খেলার নিরাপত্তার নিশ্চিত করতে মোহালির আকাশকে ইতিমধ্যে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বসানো হয়েছে বিমান বিধ্বংসী কামান। ভারতীয় নিরাপত্তা বাহিনীর এমন তত্পরতা দেখে যে কারোই মনে হতে পারে যেন আসন্ন কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তারা।টাইমস অব ইন্ডিয়ার অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, মোহালির আকাশ সার্বক্ষণিক পর্যবেক্ষণে ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া জঙ্গি বিমানগুলো জরুরি প্রয়োজনে সহায়তা দেওয়ার জন্য কাছে আম্বালা বিমান ঘাঁটিতে অবস্থান করছে।কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তার দায়িত্বে রয়েছে স্পেশাল প্রটেকশন গ্রুপ (এসপিজি), ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) এবং কেন্দ্রীয় ও প্রাদেশিক পুলিশ বাহিনী। এসব সংস্থার সঙ্গে থাকছে ভারতের জাতীয় টেকনিক্যাল গবেষণা সংস্থা (এনটিআরও)। এ সংস্থা জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অধীনে উচ্চক্ষমতাসম্পন্ন বিশেষায়িত টেকনিক্যাল গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। নিরাপত্তা বাহিনীর উচ্চপর্যায়ের একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, আকাশ পর্যবেক্ষণের দায়িত্ব এনটিআরওকে দেওয়া হয়েছে। সংস্থাটি ইসরায়েলে নির্মিত চালকবিহীন বিমান ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে। এসব চালকবিহীন বিমান শত্রুপক্ষের বিমান শনাক্ত করতে পারবে। কমনওয়েলথ গেমস চলাকালেও এগুলো ব্যবহার করা হয়েছিল। এসপিজি ও এনএসজির সদস্যরা গতকাল রোববার নিরাপত্তার দায়িত্ব নিতে মোহালিতে পৌঁছেছে। ২৯ ও ৩০ মার্চ মোহালি স্টেডিয়ামের সম্পূর্ণ কমান্ড ও নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলোর হাতে। আর অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়গুলো এসপিজির হাতে হস্তান্তর করা হবে। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা এসপিজির সঙ্গে সমন্বয় করবেন। মাঠের বাইরে এনএসজি কমান্ডোদের বিশেষ দল অত্যাধুনিক অস্ত্রশস্ত্র হাতে নিরাপত্তার দায়িত্বে থাকবে। নিরাপত্তার বাকি স্তরগুলো কেন্দ্রীয় ও প্রদেশের পুলিশ বাহিনী পালন করবে।গতকাল হোটেল তাজ-১৭ সংলগ্ন উঁচু ভবনগুলোর ছাদের ওপর বন্দুকধারীদের মোতায়েন করা হয়েছে। এই হোটেলে উভয় দলের খেলোয়াড়েরা অবস্থান করছেন। টাইমস অব ইন্ডিয়া।