মোহালিতে মহামেলা
বিশ্ব ক্রিকেটে বড় ম্যাচ অনেক হয়। তবে ভারত-পাকিস্তান দ্বৈরথের রোমাঞ্চটাই আলাদা। আগামী পরশু মোহালিতে হচ্ছে বিশ্বজোড়া ক্রিকেট রোমান্টিকদের বহুপ্রার্থিত এই লড়াইটাই। রোমাঞ্চকর এই লড়াই ছোট মোহালি শহরে বসিয়েছে মহামেলা। মোহালির সাধারণ মানুষ তো আছেই, ভারত-পাকিস্তান ক্রিকেট-যুদ্ধের ব্যঞ্জন চাখতে মোহালিতে ছুটে যাচ্ছে পাকিস্তানের মানুষ, ছুটে যাচ্ছে ভারতের অন্য সব শহরের ক্রিকেটপ্রেমীরা। বাদ যাচ্ছেন না বলিউড তারকা, শিল্পপতি আর রাজনীতিকেরাও। মোহালির মহামেলার খণ্ড খণ্ড চিত্রগুলো দেখে নেওয়া যায় একনজরে।নিমন্ত্রণ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর চিরবৈরী দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের সম্পর্কে অবনতি হয়েছে আরও। ঝগড়ার পর দুই বন্ধুতে যেমন মুখ দেখাদেখি হয় না অনেক দিন, তেমনি বন্ধ ছিল ভারত-পাকিস্তান দুই দেশের রাজনীতিকদের আসা-যাওয়া। মোহালির সেমিফাইনাল কাটিয়ে দিচ্ছে দুই দেশের নেতাদের মধ্যে সম্পর্কের এই গুমোট ভাব। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এই ম্যাচ দেখতে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে। তাঁরাও ভারতে যাবেন বলেই প্রতিশ্রুতি দিয়েছেন।আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকছেন আরও অনেকেই। প্রিয় দলকে উৎসাহ দিতে মোহালির গ্যালারিতে থাকবেন বলিউডের তারকারা। থাকবেন মুকেশ আম্বানি ও বিজয় মাল্যর মতো শিল্পপতিরাও। থাকার হাল‘আর কোনো রুম ফাঁকা নেই’—তাজ হোটেল থেকে শুরু করে ছোটখাটো অন্য সব হোটেল, যেখানেই রুম ভাড়া করতে চান, শুনতে হচ্ছে এই কথা। মোহালি বা মোহালির কাছের শহর চণ্ডীগড়েও কোনো হোটেলে বুকিং দেওয়ার কোনো উপায় নেই। তাজ হোটেল থেকে টাইমস অব ইন্ডিয়া সংবাদপত্রকে বলা হয়েছে, ‘এক সপ্তাহ ধরে প্রতিদিন আমরা প্রায় ৫০টি করে অনুরোধ না করে দিচ্ছি।’মোহালি বা চণ্ডীগড়ে হোটেল না পেয়ে কেউ কেউ রুম ভাড়া নিচ্ছেন আরও দূরে।যাতায়াতচণ্ডীগড় বিমানবন্দরটা খুব বড় নয়। বিশেষ অতিথি বা ধনাঢ্য যে ব্যবসায়ীদের অনেকে নিজেদের জেট বিমান বা ভাড়া করা বিমান নিয়েই যাবেন। বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁদের বিশেষভাবে অনুরোধ করেছে, বিমানগুলো যেন যাত্রী নামিয়ে দিয়ে আবার চলে যায়। এদিকে সাধারণ বিমানের ভাড়া কয়েকগুণ বাড়লেও পাওয়া যাচ্ছে না বিমান টিকিট। ওয়েবসাইট।নিরাপত্তাএমন মহামেলায় কোনো আঁচড় লাগতে দিতে চায় না মোহালি পুলিশ। পাকিস্তান দল যাতে বিন্দুমাত্র নিরাপত্তার অভাব বোধ না করে, সেদিকে বিশেষ খেয়াল রাখা হচ্ছে। হোটেল কিংবা মাঠ অথবা মাঠে যাতায়াতের পথে শহীদ আফ্রিদিদের ঢেকে রাখা হচ্ছে নিরাপত্তার চাদরে। বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকবে আমন্ত্রিত অতিথিদের জন্যও।টিকিটটিকিট বিক্রি অনেক আগে থেকেই শেষ। তবু প্রায় প্রতিদিনই পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ঘোরাঘুরি করছে অনেক মানুষ। কোনোভাবে যদি একটি টিকিট পাওয়া যায়! একটি প্রাইভেট কোম্পানির তরুণ নির্বাহী কর্মকর্তা বিকাশ শর্মা বলেছেন, ‘আমি সোমবার থেকে এখানে আসছি। কিন্তু এখনো কোনো টিকিট জোগাড় করতে পারিনি।’ চণ্ডীগড়ের এক ব্যাংক কর্মকর্তা তুলেছেন টিকিট কালোবাজারির অভিযোগ, ‘টিকিট আছে। কিন্তু ২৫০ রুপির টিকিট বিক্রি হচ্ছে তিন হাজার রুপি, এক হাজার রুপিরটা ১০ হাজার!’