মোহালির মহারণ
ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং—মোহালিতে ভারত-পাকিস্তান সেমিফাইনালে লড়াইটা নাকি হবে এ রকমই। এই লড়াইয়ে কেউ এগিয়ে রাখছেন ভারতকে, কেউ আবার পাকিস্তানকে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা বলেছেন, দুই দলের পার্থক্য গড়ে দিতে পারে শোয়েব আখতারের গতি। ভারতের সাবেকরা বলছেন ধোনির কথা। দুই দেশের সাবেকরাই উত্তরসূরিদের বাতলে যাচ্ছেন ম্যাচ জয়ের টোটকা। ধোনিকে রাজপালভারত-পাকিস্তান ম্যাচ মানেই আকাশে-বাতাসে উত্তেজনার রেণু ছড়িয়ে পড়া। বাকি বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে এই ম্যাচ রোমাঞ্চের উপলক্ষ আর ভারত-পাকিস্তানের মানুষের বেড়ে যায় বুকের মধ্যে ধুকপুকানি! পাকিস্তানের কাছে একটা পরাজয় ভারতের মানুষের কাছে বিশ্বকাপ হারানোর চেয়েও বেশি হতাশার! এটা মাথায় রেখে ভারতের হকি দলের অধিনায়ক রাজপাল সিং মহেন্দ্র সিং ধোনির কাছে মোহালি সেমিফাইনালে জয় চেয়েছেন। আর সেই জয়ের জন্য কী করতে হবে, দিয়েছেন সেই পরামর্শ। মনে শক্তি রাখা চাই, সংবাদমাধ্যমকে এড়িয়ে থেকে মনোযোগী হতে হবে পরিকল্পনায় এবং থাকতে হবে ধীরস্থির। গত বছর পাকিস্তান হকি দলকে ৫ ম্যাচের ৪টিতে হারানো ভারত অধিনায়ক রাজপাল এমন পরামর্শ দিতেই পারেন।শাহরিয়ারের পরামর্শপাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক সভাপতি শাহরিয়ার খান ভারত-পাকিস্তান দুই দলকেই মাঠে ধৈর্যশীলতার উদাহরণ সৃষ্টি করতে পরামর্শ দিয়েছেন। একটা ধারণা থেকেই এমন পরামর্শ দিয়েছেন পিসিবির সাবেক সভাপতি। ‘এই ম্যাচটি দুই দেশের মধ্যে শান্তি স্থাপনে বড় ভূমিকা রাখতে পারে এবং মেলবন্ধন গড়তে পারে দুই দেশের মানুষের। এটা মাথায় রেখেই খেলোয়াড়দের দায়িত্বশীল হতে হবে।’ বলেছেন শাহরিয়ার খান।হোয়াটমোর ভারতীয়ভারত তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিততে যাচ্ছে—এই অনুমান আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের কোচ ডেভ হোয়াটমোরের। শ্রীলঙ্কাকে ’৯৬ বিশ্বকাপ জেতানো অস্ট্রেলীয় কোচ এটা বলেছেন এই বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স বিবেচনা করে। ‘সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ভারতই ফেবারিট। কোয়ার্টার ফাইনালে তো দুর্দান্ত খেলে জিতেছে তারা। ভারতের এখনকার যে ফর্ম, তাতে চ্যাম্পিয়ন হওয়ারই কথা তাদের।’ বলেছেন ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশকে সুপার এইটে তোলা কোচ। পাকিস্তানি লসনচির অননুমেয় পাকিস্তান এবার পুরো টুর্নামেন্টেই দারুণ ধারাবাহিক। পাকিস্তানের এই ধারাবাহিকতা একটা বিশ্বাস এনে দিয়েছে তাদের সাবেক কোচ জিওফ লসনকে—রোমাঞ্চ জাগানিয়া ম্যাচটি জিততে পারে শহীদ আফ্রিদিরাও। ‘পাকিস্তান ভালো ক্রিকেট খেলছে। খেলোয়াড়দের সবাইকে আত্মবিশ্বাসীও মনে হচ্ছে।’ বলেছেন লসন। সাবেক অস্ট্রেলীয় পেসার দুই ফাইনালিস্টের ছবিও এঁকে নিয়েছেন মনের মধ্যে, ‘ফাইনালটা হতে পারে পাকিস্তান-নিউজিল্যান্ড।’ ওয়েবসাইট।