নিউমার্কেট ও কলাবাগানে অভিযান
মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য লেখা না থাকায় জরিমানা
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ সোমবার রাজধানীর নিউমার্কেট ও কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য লেখা না থাকায় ৫৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।অভিযানকালে নিউমার্কেটের সোনার বাংলা স্টোরকে মার্কস গুঁড়ো দুধের (৪০০ গ্রাম প্যাকেট) মোড়কের গায়ে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য লেখা না থাকা ও তা বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় সাত হাজার টাকা এবং নিউমার্কেটের ইব্রাহিম স্টোরে সুভা জর্দার কৌটার গায়ে সতর্কবাণী ও খুচরা বিক্রয় মূল্য না থাকায় ৫০০ টাকা জরিমানা করা হয়।এ ছাড়া নিউমার্কেটের কামালের হোটেল ও অরণী হোটেল এবং কলাবাগানের স্বাদ রেস্টুরেন্টে নোংরা পরিবেশে খাবার রাখার দায়ে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত ও অধিদপ্তরে কর্মরত উপসচিব মো. আবদুল বাতেন মিঞার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেলী রানী কর্মকার এবং ডিএমপির একটি টিম সহায়তা প্রদান করে। বাসস।