জলাশয় ভরাট করে নিজের নামে কলেজ বানিয়েছেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), টিআর ও কাবিটার টাকায় হচ্ছে সেই কলেজের অবকাঠামো নির্মাণ। শহরে নিজের বাড়ি থাকার পরও একটি কলেজের অধ্যক্ষের জন্য বরাদ্দ বাড়িতে বসবাস করছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ থেকে শুরু করে রাজনৈতিক ও অরাজনৈতিক সব সংগঠনের কমিটির বিভিন্ন পদে বসিয়েছেন তাঁর পরিবার তথা মোড়লবাড়ির সদস্যদের।তিনি ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাংসদ অধ্যক্ষ মতিউর রহমান। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি।সাংসদ মতিউর রহমানের গ্রামের বাড়ি সদর উপজেলার আকুয়া মোড়লবাড়ি। বর্তমানে ময়মনসিংহ আওয়ামী লীগ ও এর সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব পর্যায়েই সাংসদের পরিবার ও মোড়লবাড়ির লোকজনের কর্তৃত্ব। রাজনৈতিক এই কর্তৃত্বের কারণে উপজেলার হাট, ঘাট, বালুমহাল, পরিবহন খাত, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটি—সবই এঁদের নিয়ন্ত্রণে।জলাশয় ভরাট করে কলেজময়মনসিংহ শহরের চরপাড়ার নয়াপাড়া এলাকায় প্রায় এক একর ১৫ শতাংশ জলাশয় ভরাট করে সাংসদ নিজের নামে কলেজ বানিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান একাডেমি (স্কুল ও কলেজ) নামের এই কলেজের অধ্যক্ষ সাংসদ নিজে। পরিচালনা পর্ষদের সভাপতি তাঁর চাচাতো ভাই ও জেলা যুবলীগের সভাপতি গোলাম সারোয়ার। পর্ষদের অন্যতম সদস্য সাংসদপুত্র মুহিতউর রহমান।সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল অবস্থিত। বিপরীত পাশে একটু পশ্চিমে এগিয়ে গেলেই বিদ্যালয় ও কলেজ। ভরাট জায়গায় টিনশেড একটি ভবন। তাতে গত ৯ মে মাধ্যমিক বিদ্যালয়ে ও ১৭ জুলাই কলেজে পাঠদান শুরু হয়। চরপাড়া-নয়াপাড়া সড়কের উত্তর পাশে একই ভবনে স্কুল ও কলেজ—দুটোই চলছে। এর পাশে আরেকটি ভবন নির্মাণের কাজ শেষের দিকে। সড়কের দক্ষিণ পাশে একটি ডোবা আছে। এটিও ভরাট করে বহুতল ভবন বানানো হবে বলে জানিয়েছেন স্কুল শাখার প্রধান আবদুস সালাম।ভূমি অফিস সূত্রে জানা গেছে, যেখানে এখন কলেজ, তা আগে জলাশয় ছিল। এটি সরকারের ১ নম্বর খাস খতিয়ানের অন্তর্ভুক্ত। সাংসদ মতিউর রহমান চলতি বছরের জানুয়ারিতে জায়গাটি বরাদ্দ চেয়ে ভূমি মন্ত্রণালয়ে আবেদন করেন। ভূমি মন্ত্রণালয় গত ৫ জুন ১২ কোটি ৫২ লাখ ৬৬ হাজার চার টাকায় জলাশয়টি সাংসদের কলেজের নামে স্থায়ী বরাদ্দ দেওয়ার অনুমোদন দেয়। স্থানীয় ভূমি অফিস চলতি মাসের শুরুতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সরকারি কোষাগারে টাকা জমা দিয়ে রেজিস্ট্রি চুক্তি করে দখল বুঝে নেওয়ার জন্য চিঠি দেয়।উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন আলী প্রথম আলোকে বলেন, টাকা এখনো জমা হয়নি। তাই জায়গাও বুঝিয়ে দেওয়া যায়নি।ভূমি অফিস সূত্র জানায়, মূল্য পরিশোধ করে দলিল হলে সরকার জমি বুঝিয়ে দেয়। তারপর বরাদ্দ পাওয়া ব্যক্তি তা ব্যবহার করতে পারেন। কিন্তু এ ক্ষেত্রে জমি বরাদ্দ পাওয়ার আগেই জলাশয় ভরাট ও ঘর নির্মাণ করা হয়েছে।এর আগে ২০০৬ সালে ময়মনসিংহ হোমিও ডিগ্রি কলেজ স্থাপনের জন্য জলাশয়টি স্থায়ী বরাদ্দ চেয়ে আবেদন করেছিলেন মুক্তিযোদ্ধা সৈয়দ মানিক। হোমিও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সৈয়দ মানিক বলেন, সে সময় জেলা প্রশাসন জলাভূমি বরাদ্দ দেওয়া যাবে না বলে জানিয়েছিল।পরিবেশ সংরক্ষণ (সংশোধিত) আইন, ২০১০-এ সরকারের অনুমোদন ছাড়া জলাশয় ভরাট করা নিষিদ্ধ। পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক মো. আবদুল আজিম প্রথম অলোকে বলেন, জলাশয় ভরাট করে কলেজ নির্মাণ করার বিষয়টি তাঁর জানা নেই।জানতে চাইলে সাংসদ মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ভূমি মন্ত্রণালয় জমি বরাদ্দ দিয়েছে। টাকা জমা দেওয়া হয়নি বলে জমি বুঝিয়ে দেয়নি। জমি বুঝে পাওয়ার আগেই কীভাবে মাটি ভরাট ও ভবন নির্মাণ করা হলো, এ প্রশ্নের জবাব দেননি সাংসদ।কইয়ের তেলে কই ভাজা: নিজের নামে করা কলেজের মাটি ভরাট, স্থাপনা নির্মাণ ও আসবাব—সবই সরকারি টাকায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই বছর ময়মনসিংহ জেলার ১২টি উপজেলার জন্য এডিপির বরাদ্দ পাঁচ কোটি টাকা। হারাহারি বণ্টনে সদর উপজেলার ভাগে পড়ে ৬০ লাখ ১২ হাজার টাকা। এর মধ্যে ৪০ লাখ টাকাই বরাদ্দ দেওয়া হয় সাংসদের কলেজের নামে।সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তর থেকে জানা গেছে, গত অর্থবছরে সাংসদের জন্য বরাদ্দ করা টেস্ট রিলিফ (টিআর) থেকে ২৫ মেট্রিক টন চাল ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির ৩০ লাখ টাকা সাংসদের নামে প্রতিষ্ঠিত কলেজে বরাদ্দ দেওয়া হয়েছে।সরকারি বরাদ্দ নিজের কলেজে নেওয়ার বিষয়ে সাংসদ মতিউর রহমানের বক্তব্য, ‘আমি শিক্ষক মানুষ। শিক্ষা সম্প্রসারণে সব সময়ই কাজ করছি। এটা এরই অংশ।’দখলে মিন্টু কলেজের বাড়ি: আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের অধ্যক্ষের জন্য প্রায় ১৫ শতাংশ জমির ওপর একটি বাড়ি আছে। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে ১৯৬৯ সালে বাড়িটিতে ওঠেন মতিউর রহমান। ২০০২ সালের ৩০ জুন মতিউর রহমান কলেজ থেকে অবসর নেন। কিন্তু আজও কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষের জন্য বরাদ্দ করা বাড়িটি ছাড়েননি তিনি।শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই বাড়ির জমির বর্তমান বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা বলে শিক্ষকেরা জানিয়েছেন। একতলা এই বাড়ির সামনে এখন একটি বৈঠকখানা ও দুটি গাড়ি রাখারও ঘর করা হয়েছে।যদিও ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় মতিউর রহমানের চারতলা একটি বাড়ি আছে। এমনকি ময়মনসিংহ শহরের উপকণ্ঠে আকুয়া গ্রামে তাঁর একটি খামারবাড়িও আছে। কিন্তু তিনি থাকছেন মিন্টু কলেজের অধ্যক্ষের বাড়িতে।কলেজের বর্তমান অধ্যক্ষ এ কে এম আজহারুল ইসলাম কলেজের বরাদ্দ করা বাড়ি না পেয়ে অন্য স্থানে থাকছেন। তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। সাংসদ মতিউর রহমান বর্তমানে চারটি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি। মিন্টু কলেজ এর একটি।মতিউর রহমানের অবসর নেওয়ার পর কলেজটির অধ্যক্ষ হন আবুল কাসেম। তিনি প্রথম আলোকে বলেন, মতিউর রহমানকে বাসা ছাড়ার জন্য তিনবার নোটিশ দেওয়া হয়েছিল। বাসা না ছাড়লে ভাড়া দিতে হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়। কিন্তু তিনি তা মানেননি।এ ব্যাপারে জানতে চাইলে সাংসদ বলেন, ‘এটা আমার সম্পদ নয়, কলেজেরও নয়। এটা পরিত্যক্ত সম্পত্তি। জেলা প্রশাসককে বলে আমি এখানে থাকছি।’সাংসদ ও মোড়লবাড়ির কর্তৃত্ব: সাংসদের স্ত্রী নুরুন্নাহার শেফালী জেলা মহিলা লীগের ভারপ্রাপ্ত সভানেত্রী। বড় ছেলে মুহিতউর রহমান ওরফে শান্তর ফেসবুক প্রোফাইলে লেখা আছে, তিনি ময়মনসিংহ বিজ্ঞান কলেজ নামের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ারম্যান। তিনি ময়মনসিংহ কমার্স কলেজেরও পরিচালক। সাংসদের ছেলের বিরুদ্ধে সরকারি বিভিন্ন দপ্তরের ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণেরও অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ঠিকাদার দাবি করেন, শান্তকে কমিশন না দিলে কাজ করা যায় না।সাংসদের ছেলে শান্ত প্রথম আলোকে বলেন, ‘ময়মনসিংহে শান্ত নামে একজন ঠিকাদার ও পলিটেকনিক্যাল কলেজের একজন ক্যাডার আছে। ওরা কোনো সন্ত্রাসী কাজ বা টেন্ডারবাজি করলে আমার নাম পড়ে। আমি নামের বিড়ম্বনার শিকার। আমি কখনো টেন্ডারবাজির সঙ্গে জড়িত না। আমি ময়মনসিংহ বিজ্ঞান কলেজের চেয়ারম্যান এবং ময়মনসিংহ কমার্স কলেজের পরিচালক।’ছেলের বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ সম্পর্কে সাংসদ বলেন, ‘এগুলো বিএনপি-জামায়াতের অপপ্রচার। আমাদের সামনে তো কেউ বলে না।’ বর্তমান সরকার আমলে অনেকটা জোর করে ময়মনসিংহ মোটর মালিক সমিতির সভাপতি হয়েছেন সাংসদের ভাই মমতাজউদ্দিন। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতিও। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন কমিটিতেও মমতাজউদ্দিন সম্পৃক্ত আছেন। দীর্ঘদিন জেলা মোটর মালিক সমিতির সভাপতি ছিলেন সৈয়দ ফারুকী। তিনি বলেন, ২০১০ সালের নভেম্বর পর্যন্ত তাঁর নির্বাচিত কমিটির মেয়াদ ছিল। কিন্তু সরকার বদলের পর চর দখলের মতো সাংসদের ভাই মমতাজ সমিতির দখল নেন।সাংসদের আরেক ভাই আফাজউদ্দিন স্বেচ্ছাসেবক লীগের কোতোয়ালি থানা শাখার সভাপতি। তিনি সম্প্রতি আকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বর্তমান সরকারের আমলে হাজি জালাল উদ্দিন উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হন।জেলা শ্রমিক লীগের নেতা ও টেম্পো মালিক সমিতির সভাপতি সাংসদের চাচাতো ভাই আলম। আরেক চাচাতো ভাই আজহারুল ইসলাম জেলা যুবলীগের সহসভাপতি। তিনি মুসলিম বালক উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি। ব্রহ্মপুত্র নদের কাচারীঘাট বালুমহালের নিয়ন্ত্রণও তাঁর হাতে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মামলার কারণে ২০০১ সাল থেকে বালুমহালের ইজারা বন্ধ আছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইজারা ছাড়াই আজহারুলের লোকজন বালু উত্তোলন শুরু করে। সরেজমিনে কাচারীঘাটে ড্রেজার দিয়ে বালু তুলতে দেখা গেছে।আজাহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টে রিট থাকায় বিএনপি সরকারের সময়ও বালু মহাল ইজারা বন্ধ ছিল। সে সময় বিএনপির লোকজন বালু উত্তোলন করত। এই সরকারের আমলে লাল মিয়া নামে একজনকে দিয়ে হাইকোর্টের রিট ভাঙিয়ে আমরা বালুর ব্যবসা করছি।’ সাংসদের আরেক চাচাতো ভাই গোলাম সারোয়ার জেলা যুবলীগের সভাপতি। তিনি ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে কয়েক মাস আগে নিয়োগ পান। ময়মনসিংহ উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও জেলা ডায়াবেটিক সমিতিরও সভাপতি তিনি। সাংসদের নিকটাত্মীয় মোশাররফ হোসেন কোতোয়ালি থানা যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি ময়মনসিংহ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ।সাংসদ মতিউর রহমান ময়মনসিংহ ডিগ্রি কলেজ ও ময়মনসিংহ মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হওয়ার পর গোলাম সারোয়ার ও মোশাররফ হোসেন নিয়োগ পান।ময়মনসিংহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফয়েজুর রহমান প্রথম আলোকে বলেন, ময়মনসিংহের রাজনীতিকেরা এখন আর রাজনৈতিক কর্মকাণ্ডে নেই। সবাই অরাজনৈতিক কাজ ও আয়-রোজগারে ব্যস্ত।ছেলে ও আত্মীয়স্বজনকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও দলীয় পদে বসানোর বিষয়ে মতিউর রহমান দাবি করেন, ‘আমাদের বংশের লোকজন সব সময় স্কুল-কলেজে দান-খয়রাত করেন। এখন যাঁরা যে পদে আছেন, সবাই নির্বাচিত।’