ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বংশাল যাওয়া রাস্তার মধ্যে রয়েছে মাহুতটুলি মোড়। এখানে এলেই নাকে রুমাল চেপে ধরতে হয় পথচারী ও যানবাহনের যাত্রীদের। কারণ মোড়ে ফেলা হয় আবর্জনা। তবে মোড়টির বেশির ভাগ জায়গা দখল করে আছে ভবনের উচ্ছিষ্টে (রাবিশ)। এ জন্য মোড়টি অনেকটা টিলার রূপ নিয়েছে।ব্যস্ত সড়কের মোড়ে এভাবে আবর্জনা ও উচ্ছিষ্টের স্তূপ থাকা নিয়ে কথা হয় আশপাশের দোকানিদের সঙ্গে। তাঁরা জানান, এ মোড়টি ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ৬৭, ৬৮ ও ৬৯ নম্বর ওয়ার্ডের মিলনস্থল। একসময় এ চত্বরটি ছিল এ এলাকার শোভা। আর আজ তা পরিণত হয়েছে আবর্জনার স্তূপে। অথচ মোড়টি ঘিরে ব্যস্ত রাস্তা, আশপাশে আছে চার-চারটি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব বিদ্যাপীঠের শিক্ষার্থীরা এ পথ দিয়েই যাওয়া-আসা করে।খোঁজ নিয়ে জানা গেছে, আশপাশের বাড়ি থেকে আবর্জনা ফেলার জন্য এ মোড়টিকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। আবার এলাকার কলকারখানার বর্জ্যও এখানে ফেলা হয়। এ ছাড়া ভবনের উচ্ছিষ্ট ফেলার জন্য মোড়টি টিলার আকার ধারণ করেছে। মোড়ের পাশের একজন ব্যবসায়ী বলেন, ‘তিন নম্বর ওয়ার্ডের মধ্যে এ মোড়টি থাকায় কোনো কাউন্সিলরই এর উন্নয়নে নজর দেন না।’পুরান ঢাকার ব্যস্ততম তিন এলাকা বংশাল, সাতরওজা ও আরমানিটোলার সংযোগস্থল মাহুতটুলি মোড়ে জ্যামে পড়ে থাকতে হয় যাত্রীদের। মোড়ে আবর্জনা থাকায় বসে বসে তাঁদের কটুগন্ধ সহ্য করতে হয়।এলাকার সচেতন বাসিন্দারা জানান, স্থানীয় সবাই যদি সচেতন হতেন, তবে মোড়টিতে আবর্জনা ফেলা হতো না। ডিসিসি যদি আবর্জনা ও উচ্ছিষ্ট সরিয়ে মোড়ের কিছু জায়গায় সড়কদ্বীপ করে এর সৌন্দর্য বাড়ায় আর বাকি জায়গা যান চলাচলের উপযোগী করে দেয়, তাহলে ব্যস্ত মোড়টির যানজট কমে যেত। আবার কেউ আবর্জনা কিংবা উচ্ছিষ্ট ফেলারও সুযোগ পেত না।মাহুতটুলি মোড়ের পরিচ্ছন্নতার বিষয়ে ডিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা জানান, ডিসিসি থেকে শুধু গৃহস্থালির বর্জ্য পরিষ্কার করা হয়। ভবনের উচ্ছিষ্ট (রাবিশ) পরিষ্কার করা তাদের কাজ নয়। মাহুতটুলী তিন রাস্তার মোড়ের বর্জ্য বারবার পরিষ্কার করার পরও অনেকেই সেখানে বর্জ্য ফেলছেন। বর্জ্য ফেলা বন্ধে এলাকাবাসীকেই সচেতন হতে হবে। মাহুতটুলি মোড়ের আবর্জনার বিষয়ে অভিযোগ নম্বর: ৯৫৬৮৭৪৩ (আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অঞ্চল-২, ডিসিসি)