শিক্ষকতা পেশায় শ্রদ্ধা আর সম্মানের জায়গাটি অতীতেও ছিল, এখনো আছে। শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষক থাকেন। তবে বিদ্যাশিক্ষায় মানুষের হাতেখড়ি হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের হাতে। তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানটা অনেক বেশি। বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন সহকারী শিক্ষক নেওয়ার প্রক্রিয়া চলছে। লিখিত পরীক্ষা হয়ে গেছে। এখন সামনে মৌখিক পরীক্ষার পালা।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য রয়েছে প্রায় ৩১ হাজার ২০১ জন সহকারী শিক্ষকের পদ। শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগের জন্য একযোগে সারা দেশে লিখিত পরীক্ষা ৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। লিখিত পরীক্ষার ফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। এবার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। সহকারী শিক্ষকের মৌখিক পরীক্ষা ১৫ মে থেকে দেশের ৬১টি জেলায় (পার্বত্য জেলা বাদে) আলাদাভাবে শুরু হবে এবং চলবে ১০ জুন পর্যন্ত। এর জন্য চাই প্রস্তুতি।প্রতিযোগিতাটা তীব্রপ্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হওয়ার প্রক্রিয়ায় যাঁরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা প্রাথমিক সাফল্য দেখিয়েছেন। কারণ, এবারের নিয়োগ-প্রক্রিয়ায় আবেদন করেছিলেন সাত লাখ ৬৫ হাজার ৮২৫ জন। তাঁদের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মাত্র এক লাখ ৩৩ হাজার ৭০৭ জন। তবে প্রতিযোগিতা এখানেই শেষ নয়, এই বড় সংখ্যা থেকে মৌখিক পরীক্ষার পর সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে ৩১ হাজার ২০১ জনকে। তাই এই প্রতিযোগিতায় টিকতে হলে যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁদের এখন মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে।মৌখিক পরীক্ষা‘প্রার্থী নির্বাচনের জন্য পরীক্ষার পূর্ণমান থাকে ১০০। এর ৮০ নম্বর বরাদ্দ থাকে লিখিত পরীক্ষার জন্য, আর ২০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।’—বললেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (নিয়োগ) আবদুর রহমান। তিনি জানান, ২০ নম্বরের মধ্যে ৫ নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার জন্য, ৫ নম্বর প্রার্থীর ব্যক্তিত্ব প্রকাশের ক্ষমতার ওপর এবং সাধারণ জ্ঞানের ওপর থাকবে ১০ নম্বর। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আয়োজনের প্রায় সব প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে বলে জানা যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে।বোর্ডে সদস্য কারাপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, মৌখিক পরীক্ষা হবে প্রার্থীর নিজ নিজ জেলায়। আর আয়োজন করবে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিস। বিগত বছরগুলোতে চার সদস্যের বোর্ড গঠন করা হলেও এবার করা হবে তিন সদস্যবিশিষ্ট। আবদুর রহমান বলেন, ‘তিন সদস্যের বোর্ডে থাকেন জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মনোনীত সংশ্লিষ্ট জেলার একজন বিদ্যানুরাগী। বোর্ড বিধিমোতাবেক নম্বর প্রদান করবে এবং পরে এগুলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জমা হবে। তবে মৌখিক পরীক্ষার জন্য ন্যূনতম কোনো পাস নম্বর থাকে না।’শিক্ষাগত যোগ্যতা ও ব্যক্তিত্বশিক্ষাগত যোগ্যতার ৫ নম্বর মূলত প্রার্থীর বিভিন্ন পরীক্ষার ফল জিপিএ-এর ভিত্তিতে প্রদান করা হবে। আর এখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী ধরে নম্বর দেওয়া হবে। ব্যক্তিত্ব প্রকাশের ক্ষমতার জন্য ধার্য থাকবে ৫ নম্বর। এই ৫ নম্বরের জন্য প্রার্থীর ব্যক্তিত্ব, নিজেকে উপস্থাপন করা, মনস্তাত্ত্বিক, বুদ্ধিমত্তা ইত্যাদি যাচাই করা হয়। তাই প্রার্থীকে এসব বিষয়ে খেয়াল রাখতে হবে। ব্যক্তিত্ব অংশে ভালো করলে অনেকে এগিয়ে যাবেন।সাধারণ জ্ঞানমৌখিক পরীক্ষায় সাধারণ জ্ঞানের জন্য থাকবে ১০ নম্বর। টাঙ্গাইলের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ বেগম বলেন, ‘সাধারণ জ্ঞান পরীক্ষায় প্রার্থীকে তাঁর বিষয়ভিত্তিক পড়াশোনার ওপর নানা প্রশ্ন করা হয়। এ ছাড়া বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি থেকে প্রশ্ন করতে পারে।’ তবে এ অংশে বাংলাদেশ প্রসঙ্গ বিশেষ করে প্রার্থীর নিজ জেলার ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, জেলার আয়তন, জনসংখ্যা প্রভৃতি বিষয়ে বেশি প্রশ্ন করা হয়। তাই সাধারণ জ্ঞানে ভালো করতে জেলার খুঁটিনাটি ভালো করে জানতে হবে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সাম্প্রতিক বিষয় থেকে বোর্ডের সদস্যরা আপনাকে প্রশ্ন করতে পারেন। মনে রাখতে হবে, মৌখিক পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই সাধারণ জ্ঞানে ভালো করতে হবে।’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (নিয়োগ) বলেন, ‘লিখিত এবং মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ওপর ভিত্তি করে মেধাতালিকা তৈরি করে তাঁদের নিয়োগ দেওয়া হবে।’সরকারি বেতন-ভাতা, জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি পেয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, থানা/উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হতে পারেন সহকারী শিক্ষকেরা। এ ছাড়া বিভাগীয় বিভিন্ন নিয়োগ পরীক্ষায় যোগ্যতার ভিত্তিতে অংশ নিতে পারেন। সর্বোপরি সব বিবেচনায় সহকারী শিক্ষকের চাকরি অনেক লোভনীয়। এ জন্য যাঁরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা এখন প্রস্তুতি নিন মৌখিক পরীক্ষার জন্য।