‘শহর ঢাকা’ কোথায়? এ প্রশ্ন নগরের অনেকের কাছেই রসিকতা মনে হবে। কিন্তু জমি নিয়ে যাদের কাজকারবার, তাদের কাছে এমন প্রশ্নের উত্তর হলো, কোতোয়ালি ভূমি অফিসের আওতায় থাকা মৌজার নাম শহর ঢাকা। আদি ঢাকার বেশির ভাগ এলাকা পড়েছে শহর ঢাকা মৌজায়।ঢাকা মহানগর জরিপ অনুযায়ী, নগরে মৌজার সংখ্যা ১৯১টি। আরএস জরিপের তথ্যমতে, ঢাকায় মৌজার সংখ্যা ১৮৪টি। অনেক মৌজার নামে এলাকারও নাম হয়েছে। আবার মৌজার নাম বললে অনেক এলাকা চেনা যায় না। সে ক্ষেত্রে ঢাকা সিটি করপোরেশনের তালিকায় এলাকার নাম এক রকম, আর ভূমি অফিসের মৌজার নাম আরেক রকম।সূত্রাপুর ভূমি অফিসের আওতায় থাকা হাসানপুর মৌজা মানুষের কাছে স্বামীবাগ নামেই বেশি পরিচিত। রমনা ভূমি অফিসের মাহমুদনগর মৌজা পড়েছে হাতিরপুলের মোতালিব প্লাজা এলাকায়, বাগ নোয়াদ্দা মৌজা হাতিরপুলের আশপাশের এলাকায় এবং সলিমুল্লাহবাদ মৌজা পড়েছে পরীবাগ এলাকায়। ডেমরা ইউনিয়ন ভূমি অফিসের আওতায় থাকা কিছু মৌজার নামে আছে ভিন্নতা। যেমন, বালুধিৎপুর, ঠুলঠুলিয়া, সুন্না, পাইটি, গোঁফদক্ষিণ, জোকা, আইলবহর।গুলশান ভূমি অফিসের আওতায় থাকা একটি মৌজার নাম ভোলা। গুলশান এলাকার বেশির ভাগ পড়েছে এই মৌজায়। গুলশান ভূমি অফিসের আরও কিছু মৌজা হলো, ডেলনা মস্তুল, ডুমনি, নিগুর এলপাই, শামাইর, পাতিরা। এখানকার মৌজা সাঁতারকুলের নামে আছে একটি ইউনিয়ন পরিষদ। সবুজবাগ ভূমি অফিসের মান্ডা ও দক্ষিণগাঁও নামে মৌজার পাশাপাশি ইউনিয়ন পরিষদও আছে।মতিঝিল ভূমি অফিসের আওতায় আছে তিনটি মৌজা। এগুলো হচ্ছে শহর খিলগাঁও, পুরানা পল্টন লাইন ও মতিঝিল। শহর খিলগাঁও নয়, এলাকার নাম আছে খিলগাঁও। তবে পুরানা পল্টন লাইন ও মতিঝিল নামের সঙ্গে মৌজার নাম মিলে গেছে।তেজগাঁও ভূমি অফিসের আওতায় থাকা কারওয়ান মৌজা কারওয়ান বাজার, আর কৃষি বাগান মৌজা ফার্মগেট নামেই বেশি পরিচিত। এদিকে উত্তরা ভূমি অফিসের আওতায় উত্তরা নামে কোনো মৌজা নেই। তবে আরএস জরিপে সেখানকার একটি মৌজার নাম হচ্ছে মডেল টাউন।সিএস জরিপে ধানমন্ডাই নামে একটি মৌজা রয়েছে। আবার এসএ এবং আরএস জরিপে ওই মৌজার নাম ধানমন্ডি। এ থেকে ধারণা করা যায়, ধানমন্ডাই থেকেই ধানমন্ডি নামের উৎপত্তি। ধানমন্ডি মৌজা আছে ধানমন্ডি ভূমি অফিসের আওতায়। এই ভূমি অফিসের মৌজাগুলো যে একসময় হিন্দুধর্মাবলম্বী-অধ্যুষিত ছিল, তা বোঝা যায় কিছু মৌজার নাম দেখে। এর মধ্যে আছে, শিবপুর (শিকদার মেডিকেলের আশপাশের এলাকা), রাজমুশুরী, শ্রীখণ্ড (মোহাম্মদপুরের কাছে)। এসব নাম মৌজায় থাকলেও নগরায়ণের প্রভাবে এলাকার নাম বদলে গেছে।