মৌটুসীর ঘরে আসছে নতুন অতিথি
ছোটপর্দার অভিনেত্রী মৌটুসী নাটকের কাজের ব্যস্ততা একেবারেই কমিয়ে দিয়েছেন। কারণ একটাই, মা হওয়ার প্রহর গুনছেন তিনি। সুখবরটি আজ শুক্রবার প্রথম আলো অনলাইনকে মৌটুসী নিজেই জানান।মৌটুসী বললেন, ‘গত বছরের আগস্টে আমরা পরিবারের সবাই মিলে কলকাতায় বেড়াতে গিয়েছিলাম। সেখানে শারীরিকভাবে কিছুটা অসুস্থ হই। তারপর চিকিত্সকের কাছে গিয়ে জানতে পারি আমি মা হতে যাচ্ছি।’তাহলে সুখবরটা জানাতে এত দেরি করলেন কেন?—মৌটুসী বলেন, ‘আগামী এপ্রিলে আমার মা হওয়ার খবর চিকিত্সকেরা জানিয়েছেন। তাই কাছাকাছি একটা সময়ে খবরটা সবাইকে জানাতে চেয়েছিলাম। এ জন্যই আসলে দেরিটা। এর বেশি কিছু না।’ নাটকের কাজের ব্যাপারে মৌটুসী বলেন, ‘মা হওয়ার খবরটি শোনার পর একটি মাত্র কাজ করেছিলাম। আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় নির্মিত একটি অপ্রকাশিত কবিতা নামের নাটকটি ঈদে দেশ টিভিতে দেখানো হয়েছিল। তবে আপাতত নাটকের কাজ একেবারেই বন্ধ করে দিয়েছি।’উল্লেখ্য, মৌটুসীর প্রথম চলচ্চিত্র ‘৬৯ পাতলা খান লেন’-এর শুটিং শেষ হয়েছে। এই চলচ্চিত্রে নিজের ডাবিংয়ের অংশটুকুও শেষ করেছেন তিনি। এ ছাড়া মৌটুসী সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। এটি খুব শিগগিরই চ্যানেলে প্রচার শুরু হবে।২০০৭ সালে ১২ ডিসেম্বর পারিবারিকভাবে পলাশ দাসকে বিয়ে করেন অভিনয়শিল্পী মৌটুসী।