আগের দিনের মৌনতা ভেঙে বাংলা একাডেমী প্রাঙ্গণ আবার সরব হয়ে উঠেছে। ফিরে এসেছে প্রাণস্পন্দন। গতকাল বৃহস্পতিবার অমর একুশে গ্রন্থমেলার ফটক খোলার পর থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। সন্ধ্যার আগেই মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে উত্সবমুখর। বহু মানুষের কণ্ঠস্বর, তথ্যকেন্দ্র থেকে নতুন বইয়ের ঘোষণা, গান, আলোচনা, মোড়ক উন্মোচনের আয়োজনে মেলা ছিল জমজমাট। আগের অভিজ্ঞতা বলছে, আজ শুক্রবার ছুটির দিনে দর্শনার্থীদের ঢল নামবে মেলায়। জ্ঞানচক্ষু উন্মীলন হোক: কথাশিল্পী হাসান আজিজুল হক কাল মেলায় এসেছিলেন। ইত্যাদি থেকে প্রকাশিত হয়েছে তাঁর বৃত্তায়ন, শিউলি ও বিধবাদের কথা—এই তিনটি ছোট উপন্যাস নিয়ে তিনটি উপন্যাসিকা। মেলা প্রসঙ্গে তিনি বললেন, ‘বেশ ভিড়। লোকের উত্সাহের অভাব নেই। সবাই বই কিনছেন তা নয়, সবাই বই দেখেছেন তাও নয়। সুস্থ বিনোদন হচ্ছে, এর মূল্যও কম নয়। তবে শুধু প্রকাশনা আর বেচাকেনাই নয়, মেলাকে নিয়ে নতুন দৃষ্টিকোণ থেকে ভাবার আছে। রাষ্ট্রকাঠামো, সমাজনীতি, অর্থনীতি—সবকিছুর পরিপ্রেক্ষিতে ভাবতে হবে। ভাবনার কাজটি এখন কম হচ্ছে। কাজের কাজও হচ্ছে না। মেলাকে কেন্দ্র করে এসব দিকে তাকিয়ে আমাদের জ্ঞানচক্ষুর উন্মীলন হোক।’ বাংলা ভাষাকে ঠেলতে ঠেলতে একেবারে প্রান্তিক জায়গায় নিয়ে ফেলা হয়েছে—এ মন্তব্য করে হাসান আজিজুল হক বললেন, ‘বাংলা ভাষায় জ্ঞান ও প্রজ্ঞা প্রকাশের ক্ষমতার বিকাশ ঘটানোর তেমন উদ্যোগ নেই। বাংলা একাডেমী একটা উদ্যোগ নিয়ে দেখতে পারত বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার পর্যায়ে বাংলা ভাষার অবস্থাটি কেমন। আমাদের ভাষা অন্য ভাষার চেয়ে ন্যূন, এমন ভাবার কারণ নেই। চীন বা জাপানে বিদেশি ভাষার জ্ঞান-বিজ্ঞানের বই দ্রুত অনুবাদ করে তারা তাদের ভাষাকে উচ্চশিক্ষার বাহন করে তুলেছে। আমাদের এখানে তা হয়নি। আমাদের এখানে গ্রিক, ফরাসি, জার্মান বা অন্য ভাষার বই ইংরেজি অনুবাদ হয়ে আমাদের হাতে আসছে। ভাষা নিয়ে এই বিষয়গুলো আমাদের মধ্যে আত্মধিক্কার জাগায়।’টাস্কফোর্সের অভিযান: আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, এবার টাস্কফোর্স তল্লাশি করবে। গতকাল থেকে সেই তল্লাশি শুরু হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের কপিরাইট রেজিস্ট্রার ও টাস্কফোর্সের সদস্যসচিব মনজুরুর রহমানের নেতৃত্বে একটি দল তল্লাশি চালিয়ে নেট বই, অনুমোদনহীন অনুবাদ, বিদেশি বইসহ মেলার নীতিমালার পরিপন্থী বই পেয়েছে বেশ কিছু স্টলে। সদস্যসচিব প্রথম আলোকে বলেন, আজ প্রথম দিন মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। অনেক স্টলেই নেট বই পাওয়া গেছে। এ ছাড়া অনুমোদন ছাড়া বিদেশি বইয়ের অনুবাদ যারা ছেপেছে, তারা হয়তো কপিরাইট আইন সম্পর্কে যথাযথ ধারণা না থাকায় লেখকের অনুমতি ছাড়াই বিদেশি বই অনুবাদ করেছে। এক প্রকাশকের বই অন্য প্রকাশকের স্টলেও বিক্রি হতে দেখা গেছে। এমন কাজ না করতে সতর্ক করে দেওয়া হয়েছে। মৌখিক সতর্কতায় কাজ না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে স্টলের বরাদ্দ বাতিল, কালো তালিকাভুক্ত করা ও মামলা করা হবে।নজরুল মঞ্চে : মেলায় আসা ১০টি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে কাল নজরুল মঞ্চে। এসব বইয়ের মধ্যে ছিল সাইদুজ্জামান রওশন ও আইয়ুব সরদার সম্পাদিত পা ভাঙা চড়ুই। দীপান্বিতা রায়ের নক্ষত্রের দুই রাত্রী, মশিউর মালেকের থোকা থোকা জাতির পিতা, আনিস হকের অন্ধ রাতের ঘোড়া, এশিয়া পাবলিকেশন থেকে এসেছে আবু তাহের ভূঁঞার উপন্যাস বেলাশেষে ইত্যাদি।নতুন বই: নতুন বইয়ের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। কাল তথ্যকেন্দ্রে জমা পড়েছে ১৬১টি। সবচেয়ে বেশি উপন্যাস ৩৮টি। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে ছিল নবযুগ থেকে প্রকাশিত সন্জীদা খাতুনের প্রবন্ধ সংগ্রহ। গণপ্রকাশনী থেকে আহমদ রফিক, কামাল লোহানী ও শফিক খান সম্পাদিত ভাষা আন্দোলনবিষয়ক মুক্তিসংগ্রামের রক্ত ফলক: একুশে ফেব্রুয়ারী। মিজান পাবলিশার্স থেকে সফিউদ্দিন আহমেদের দর্শনবিষয়ক সাহিত্যিক ও দার্শনিক সক্রেটিস থেকে সার্ত্রে। অন্যধারা থেকে মনোজিত্ কুমার দাসের রবীন্দ্রবিষয়ক রবীন্দ্রনাথের আলোর বাণী। বিজয় প্রকাশ থেকে ডা. তাহমীনা বেগমের শিশুর যত্ন ও রোগ প্রতিরোধে আপনার করণীয়। আগামী থেকে হুমায়ুন আজাদের প্রবন্ধ মাতাল তরণী, নিবিড় নীলিমা ও জলপাই রঙের অন্ধকার (নতুন মুদ্রণ)। শিখা প্রকাশনী থেকে মুহম্মদ জাফর ইকবালের বৈজ্ঞানিক কল্পকাহিনী বরোনিশি। অনন্যা থেকে শিল্পী কনকচাঁপার উপন্যাস স্থবির যাযাবর। অন্যপ্রকাশ থেকে নাসরিন জাহানের উপন্যাস ছেলেটি যে মেয়ে, মেয়েটি তা জানত না। নয়ন রহমানের মুক্তিযুদ্ধ ও জীবন যুদ্ধের গল্প প্রকাশ করেছে চয়ন প্রকাশনী। আমিরুল ইসলামের ছড়া লিচু চোর ও অন্যান্য ছড়া এসেছে অনন্যা থেকে। ডা. এম নজরুল ইসলামের দুটি বই চোখের সাধারণ সমস্যা-১০০ প্রশ্ন ও উত্তর এবং চোখ ও চশমা প্রকাশ করেছে অন্যপ্রকাশ। নান্দনিক থেকে এসেছে ইমদাদুল হক মিলনের উপন্যাস উপনায়ক। সঞ্জীব দ্রংয়ের আদিবাসীবিষয়ক গ্রন্থ আদিবাসি মেয়ে প্রকাশ করছে সূচীপত্র। হরিপদ দত্তের উপন্যাস চিম্বুক পাহাড়ের জাতক (৩য় খণ্ড) এসেছে নালন্দা থেকে। সাহিত্য বিকাশ থেকে এসেছে আবু সাঈদ খান সম্পাদিত মুক্তিযুদ্ধের দলিলপত্র। হায়াত্ মামুদের প্রবন্ধ সময়ের জবানবন্দী এসেছে ইত্যাদি থেকে। মার্জিয়া লিপির আমার মেয়ে: আত্মজার সাথে কথোপকথন এসেছে মাওলা ব্রাদার্স থেকে। খোন্দকার আশরাফ হোসেনের কবিতা সংগ্রহ প্রকাশ করেছে জনান্তিক। আলোচনা ও গণসংগীত: মেলার মূল মঞ্চের নিয়মিত আয়োজনে ছিল আবদুল গাফ্ফার চৌধুরীর সভাপতিত্বে ‘ভাষা-আন্দোলনের ইতিহাস’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করেন ভাষাসৈনিক আহমদ রফিক। আলোচনা করেন ভাষাসৈনিক সাঈদ হায়দার, অধ্যাপক আহমদ কবীর ও অধ্যাপক সাদেকা হালিম। পরে অজিত রায়, বিপুল ভট্টাচার্য, রূপা ফরহাদ, রেবেকা সুলতানা, বুলবুল মহলানবীশ, মাহমুদ সেলিম শ্রোতাদের গণসংগীতে মাতিয়ে রাখেন।