মৌলবাদী শক্তিকে রুখে দিতে এই হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের ঢাকামুখী লংমার্চের প্রতিবাদ এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে ২৩টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ডাকা হরতাল চলছে। হরতালকে কেন্দ্র করে মধ্যরাত পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত এ হরতাল চলবে। হরতালে সংহতি প্রকাশ করে গণজাগরণ মঞ্চের দেওয়া অবরোধ কর্মসূচিও গতকাল একই সময়ে শুরু হয়েছে।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৩টি সংগঠন বৃহস্পতিবার এ হরতালের ডাক দেয়। বাম রাজনৈতিক দলগুলো, সেক্টর কমান্ডারস ফোরাম, গণজাগরণ মঞ্চ এবং বেশ কিছু সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এতে সমর্থন দিয়েছে।গতকাল সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানিয়ে বলেন, ধর্মীয় মৌলবাদী শক্তিকে রুখে দিয়ে দেশ বাঁচাতে এই হরতাল ডাকা হয়েছে।ছুটির দিনে ডাকা এ ব্যতিক্রমী হরতাল শুরু হলে সন্ধ্যা থেকে ঢাকার রাস্তায় বাস, ব্যক্তিগত গাড়িসহ যান চলাচল একেবারেই কমে যায়। রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। সদরঘাট থেকে লঞ্চ চলাচলও বন্ধ ছিল। তবে রাজপথে রিকশা ও বেশ কিছু অটোরিকশা চলেছে। লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে উদ্বেগ-উৎকণ্ঠার কারণে গতকাল সকাল থেকেই রাজধানীর সঙ্গে বাইরের জেলাগুলোর সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন ছিল। জয়দেবপুর ও রাজেন্দ্রপুরে গণজাগরণ মঞ্চের কর্মীরা রাতে দুটি ট্রেন অবরোধ করেন। ‘নাশকতার আশঙ্কায়’ গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত ঢাকামুখী নির্ধারিত ১৮টি ট্রেনের যাত্রা বাতিল করে রেল কর্তৃপক্ষ।রাতে পল্টনে সাংবাদিকদের উদ্দেশে নাসির উদ্দীন ইউসুফ বলেন, বিভিন্ন স্থান থেকে হেফাজতের কর্মীরা রাজধানীতে প্রবেশের সময় জনগণের বাধায় ফিরে যেতে বা সেখানেই অবস্থান নিতে বাধ্য হন।এর আগে সন্ধ্যায় হরতালের সমর্থনে শাহবাগ থেকে একটি মশাল মিছিল বের করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঘাতক দালাল নির্মূল কমিটি ও শাহবাগের গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও সমর্থকেরা ওই মিছিলে অংশ নেন। তাঁরা মিছিল করে প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন। এরপর মিছিলটি প্রেসক্লাব থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ঘুরে আবার প্রেসক্লাবে গিয়ে দ্বিতীয় দফায় সমাবেশ করে।হরতালের সমর্থনে বিকেলে রাজধানীর টেকনিক্যাল মোড়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও উদীচীর কর্মীরা রাস্তার ওপর অবস্থান নেন। সন্ধ্যার পর থেকে শাহবাগের গণজাগরণ মঞ্চে ভিড় বাড়তে থাকে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, সড়কে প্রতিবাদী আলপনালিখন ও স্লোগান চলে।প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘ধর্মীয় মৌলবাদী শক্তিকে রুখে দিয়ে দেশ বাঁচাতে এই হরতাল। আমরা শান্তিপূর্ণভাবে এই হরতাল পালন করছি এবং দেশবাসীকে শান্তিপূর্ণভাবে এই হরতাল পালনের আহ্বান জানাচ্ছি। আর যদি কেউ ভাঙচুর চালায়, নাশকতা করে, তাহলে ধরে নিতে হবে, সে জামায়াত-শিবিরের কর্মী। তাঁদেরকে পুলিশের হাতে তুলে দিতে হবে।’সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘জামায়াতে ইসলামী একটি সন্ত্রাসী সংগঠন। বিএনপিও তাদের সাম্প্রতিক তৎপরতার মাধ্যমে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। ফলে এই দুই শক্তিকে রুখে দাঁড়াতে হবে।’জনপ্রতিনিধিদের সমালোচনা করে কবি মোহাম্মদ সামাদ বলেন, ‘ক্ষমতায় থেকে অনেকে অর্থবিত্ত অর্জন করলেও জনগণের দুর্দিনে তাঁদের দেখা যায়নি। হেফাজতে ইসলাম ও জামায়াত-শিবির যখন ঢাকা শহর দখলের উদ্দেশে রওনা হয়েছে, তখন সাংস্কৃতিক কর্মীদেরই মাঠে নামতে হয়েছে।’সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক বলেন, ‘একাত্তর সালে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসরদের সহযোগিতায় সবচেয়ে বড় মুসলিম গণহত্যার ঘটনা ঘটিয়েছে। সেদিনের পরাজিত শক্তি আবার একই কাজ করছে।’নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যার কাছে যা আছে, তা নিয়ে মাঠে নামতে হবে।’ হরতাল আহ্বানকারীরা গতকাল জানান, হরতাল ও অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজধানীর সদরঘাট, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, কমলাপুর ও টঙ্গীতে পাঁচটি অস্থায়ী গণজাগরণ মঞ্চ তৈরি করা হয়েছে। এসব মঞ্চেও সমাবেশ হয়েছে। হরতাল আহ্বানকারী সংগঠনগুলো আজ সকাল নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সমবেত হয়ে মিছিল-সমাবেশ করবে।গণজাগরণ মঞ্চের সংগঠকেরা জানিয়েছেন, আজ সন্ধ্যা পর্যন্ত তাঁরা শাহবাগে মূল গণজাগরণ চত্বরে মঞ্চের কার্যক্রম চালাবেন। অবরোধ কর্মসূচি শেষে আজ বিকেল চারটায় সেখানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।