মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে: মেনন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, যত দ্রুত জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা যাবে, দেশের জন্য ততই মঙ্গলজনক হবে। তিনি বলেন, হেফাজতে ইসলামসহ সব মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। হেফাজত ও জামায়াতের মধ্যে কোনো পার্থক্য নেই দাবি করে তিনি বলেন, দুই দলকে কঠোর হস্তে দমন করতে হবে। কারণ তারা আইনের শাসন মানে না।আজ রোববার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে সাম্যবাদী দল আয়োজিত জামায়াত-শিবিরসহ সব সাম্প্রদায়িক দল নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।রাশেদ খান মেনন আরও বলেন, হেফাজতের ১৩ দফা দাবি মানলে দেশ ১৩ শ বছর পিছিয়ে যাবে। তিনি বলেন, ধর্ম নিয়ে খেলা শুরু হয়েছে। হেফাজতের দাবি মেনে নেওয়ার মতো নয়।ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ফটিকছড়িতে সন্ত্রাসী হামলা হয়েছে। অথচ বিএনপির নেতারা এটিকে জনপ্রতিরোধ বলছেন। তাঁরা আগামীতে এ ধরনের হামলা হতে পারে বলেও উসকানি দিয়েছেন। তিনি বলেন, বিরোধী দল বিএনপি জামায়াতকে সন্ত্রাসী কাজ করার প্রশ্রয় দিচ্ছে। সত্য ঘটনা আড়াল করে জাতির সামনে এ ধরনের বক্তব্য মেনে নেওয়ার মতো নয় বলে তিনি জানান।সমাবেশে সভাপতিত্ব করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া। এতে বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম।