মৌলবাদীরা দেশকে নরকে পরিণত করছে: কবীর চৌধুরী
জামায়াত-শিবিরের মৌলবাদীরা দেশকে নরকে পরিণত করছে। এই ঘাতক-দালালেরা দিন দিন সহিংস হয়ে উঠছে। এদের রুখতে সবাইকে এগিয়ে আসতে হবে। যদি সময়মতো যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করা হতো, তাহলে পরিস্থিতি এখনকার মতো এত খারাপ হতো না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যার সাহসও পেত না ছাত্রশিবির।একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা কমিটির সভাপতি ও জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী এসব কথা বলেছেন। গতকাল বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জামায়াত-শিবিরের কথা উল্লেখ করে তিনি বলেন, এরা ধার্মিক নয়। ধর্মকে এরা নিজের উদ্দেশ্যে ব্যবহার করে।কবীর চৌধুরী বলেন, গত মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির যে নৃশংস ঘটনা ঘটিয়েছে, তার সঙ্গে বিডিআরের সদর দপ্তরে ঘটা নৃশংসতার মিল আছে। ১৯৭১ সালেও জামায়াত ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ একই ধাঁচে কাজ করত। তিনি বলেন, ‘এরা যে কত নৃশংস হতে পারে, তা দেশবাসী ভালো করেই জানে। আজকের (গতকাল) পত্রিকা দেখলে শিহরিত হয়ে উঠতে হয়। আমরা আশা করব, অতি দ্রুত রাজশাহীতে জামায়াত-শিবিরকে শায়েস্তা করা হবে।’নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সম্প্রতি ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছেন। হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নান এই প্রামাণ্যচিত্রে স্বীকারোক্তি দিয়েছেন যে হাওয়া ভবনে বসে গ্রেনেড হামলার পরিকল্পনা করা হয়। ওই বৈঠকে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে একজন ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। বিভিন্ন দৈনিক সংবাদপত্রে এই প্রামাণ্যচিত্রে মুফতি হান্নানের দেওয়া বক্তব্য প্রকাশের পর শাহরিয়ার কবীরকে জামায়াতের সেক্রেটারি জেনারেল একটি উকিল নোটিশ পাঠান। এ বিষয়ে জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করেন শাহরিয়ার কবীর।শাহরিয়ার কবীর বলেন, তিনি উকিল নোটিশের কোনো জবাব দেবেন না। জামায়াত এ বিষয়ে আদালতে গেলে তিনি স্বাগত জানাবেন। আদালতেই তিনি তাঁর তথ্যপ্রমাণ তুলে ধরবেন। এর আগেও বিভিন্ন সময় জামায়াত তাঁকে উকিল নোটিশ দিয়েছিল। তিনি কোনোটারই জবাব দেননি। কিন্তু জামায়াত আর অগ্রসর হয়নি।সূচনা বক্তব্যে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী বলেন, জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরের দুই দিন পর তাঁদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ড ঘটায়। নিজামী সেখানে গিয়ে বলেছিলেন, রাজশাহী তাঁদের একটি বড় ঘাঁটি। এখান থেকে তাঁরা নতুন কর্মকাণ্ড শুরু করবেন। বিচারপিত গোলাম রাব্বানী বলেন, যারা যুদ্ধাপরাধ করেছে, তারা ধর্মের দোহাই দিয়ে নানা কুকর্ম করেছে। এখন সত্য উদ্ঘাটন হচ্ছে। এ জন্য তারা উদ্বিগ্ন হয়ে পড়েছে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানহোলে নিহত ছাত্রলীগ কর্মীর লাশ পাওয়ার বিষয়ে শাহরিয়ার কবীর বলেন, লাশের প্রতি অশ্রদ্ধা পোষণ ইসলাম তো বটেই, কোনো ধর্মই তা অনুমোদন করে না। কিন্তু জামায়াত সব সময়ই এটা করে। তারা লাশকে কীভাবে বিকৃত করে, তার নমুনা ১৯৭১ সালে তারা দেখিয়েছে।তানিয়া আমীরও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।