মৌলবাদীরা বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি: ব্লেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ইসলাম ধর্মের মৌলবাদীদের এ মুহূর্তের বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছেন। ব্লেয়ার তাঁর স্মৃতিচারণামূলক গ্রন্থ ‘এ জার্নি’-এর প্রকাশনা উপলক্ষে বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন।টনি ব্লেয়ার বলেছেন, ওই মৌলবাদীরা মনে করেন ধর্মের নামে রাসায়নিক, জৈব বা পরমাণু যে অস্ত্রই ব্যবহার করা হোক না কেন, তা যৌক্তিক। আফগান ও ইরাক যুদ্ধে নেতৃত্বদানকারী এই ব্রিটিশ নেতা ইসলামি মৌলবাদকে উসকে দেওয়ার ক্ষেত্রে তাঁর নীতির ভূমিকাকে অস্বীকার করেন। চেচেন, কাশ্মীরি, ফিলিস্তিনি, ইরাকি ও আফগানরা কেবল বিদেশি দখলকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে—বিবিসির এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে ব্লেয়ার পাল্টা যুক্তি দেন। তিনি বলেন, বর্তমান পশ্চিমা নীতি শুধু মৌলবাদীকে মোকাবিলা করার জন্যই প্রণীত হয়েছে। কারণ, তারা পশ্চাত্মুখী, নীতিহীন ও রক্ষণশীল।এ প্রসঙ্গে ব্লেয়ার আরও বলেন, ইরাকে আল-কায়দার লক্ষ্য ছিল বাগদাদ থেকে মার্কিন সেনা হটানো নয়, বরং জনগণের ভোটে নির্বাচিত বাগদাদের সরকারকে অস্থিতিশীল করা।টনি ব্লেয়ার তাঁর ওই সাক্ষাত্কারে ইরানকে মৌলবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করেছেন এবং দেশটিকে যেকোনো মূল্যে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা ইরানকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে তারা পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না এবং আমরা তাদেরকে এ ধরনের কাজ করা থেকে বিরত রাখব।’ব্লেয়ার বিবিসিকে বলেন, ‘৯/১১-এর ঘটনার পর আমাদের পররাষ্ট্রনীতি পরিবর্তিত হয়েছে। কেননা, মৌলবাদীরা আমাদের বিরুদ্ধে পরমাণু, জৈব বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে। আমরা এ ব্যাপারে কোনো ধরনের ঝুঁকি নিতে পারি না।’ব্লেয়ার দৃঢ়তার সঙ্গে আবারও বলেন, সন্ত্রাসবাদ প্রশ্নে তাঁর নীতি ঠিকই ছিল।—বিবিসি