সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিনিধি সম্মেলন
মৌলবাদের উত্থানে উদ্বেগ, ৭ বিভাগে সম্মেলন হবে
‘শহীদের বাংলায়, সাম্প্রদায়িকতার ঠাঁই নাই’ স্লোগানকে ভিত্তি করে অনুষ্ঠিত হয়ে গেল সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন। গতকাল শুক্রবার সকালে বাংলা একাডেমী মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান।দিনভর সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে ‘ঢাকা ঘোষণা’ নামে একটি প্রস্তাব গ্রহণ করা হয়। তাতে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ওই প্রস্তাবে হেফাজতে ইসলামসহ বিভিন্ন নামে ধর্মীয় মৌলবাদের উত্থানে গভীর উদ্বেগ প্রকাশ করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। ওই কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে আগামী ১৫ জুন থেকে ৩০ জুলাইয়ের মধ্যে দেশের সাতটি বিভাগে সংস্কৃতিকর্মী সম্মেলনের কর্মসূচি নেওয়া হয়েছে। এর আগে প্রতিটি জেলা থেকে জাতীয় পরিষদে জোটের প্রতিনিধি নির্বাচন করে পাঠানোর অনুরোধ করা হয়েছে। উদ্বোধনী বক্তব্যে শিক্ষাবিদ আনিসুজ্জামান দেশের ইতিহাসে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিশিষ্ট ভূমিকার কথা উল্লেখ করে বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় এ জোটের যাত্রা শুরু। সেই থেকে সাংস্কৃতিক জোট গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রেখে যাচ্ছে। বর্তমানে দেশ সংকটময় সময় অতিক্রম করছে উল্লেখ করে আনিসুজ্জামানবলেন, ‘আমাদের বহুদিনের দাবির ফলে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। ট্রাইব্যুনালে যখন বিচার হচ্ছে, তখন প্রধান বিরোধী দল বলছে তারা ক্ষমতায় গেলে বিচার করবে। কিন্তু বর্তমানের এই বিরোধী দলটিই তো আগে ক্ষমতায় ছিল।’ ড. আনিসুজ্জামান গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠাকে নতুন প্রজন্মের ইতিবাচক একটি ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, ওই মঞ্চকে বিতর্কিত করার জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আস্তিকতা ও নাস্তিকতার বিতর্ক তৈরি করা হয়েছে। ইসলামের হেফাজতের নামে ১৩ দফা নিয়ে মাঠে এল হেফাজতে ইসলাম। অথচ ওই ১৩ দফা অসাম্প্রদায়িক একটি রাষ্ট্রকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার দাবি। তিনি বিদ্যমান এ অবস্থায় সংস্কৃতিকর্মীদের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও ন্যায়নিষ্ঠ একটি সমাজ গঠনে সক্রিয় থাকার আহ্বান জানান।উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ স্বাগত বক্তব্য দেন। সহ-সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ শোক প্রস্তাব পাঠ করেন। এরপর জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি সাংসদ আসাদুজ্জামান নূর, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি রামেন্দু মজুমদার, সহ-সভাপতি গোলাম কুদ্দুছ, জাতীয় কবিতা পরিষদের সহ-সভাপতি মুহাম্মদ সামাদ, গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী, চারুশিল্পী সংসদের প্রতিনিধি মনিরুজ্জামান ও নৃত্যশিল্পী সংস্থার সহ-সভাপতি দীপা খন্দকার।উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘মানবতাবিরোধী অপরাধের বিচারে সংস্কৃতিকর্মীদের ভূমিকা’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। এর পরের দুটি অধিবেশনের একটিতে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে সংস্কৃতিকর্মীদের করণীয় নিয়ে আসাদুজ্জামান নূর এবং অন্যটিতে সাংস্কৃতিক জোটের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে গোলাম কুদ্দুছ বক্তব্য দেন। এ অধিবেশনগুলোতে সারা দেশ থেকে আসা প্রতিনিধিরাও বক্তব্য দেন।