মৌলভীবাজার শব্দপাঠ পদক পেলেন কবি শহীদ সাগ্নিক
অনাড়ম্বর, কিন্তু একেবারে আনুষ্ঠানিকতা বর্জিত নয়। কবি, শিল্পী-সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী অনেকেই সমবেত হয়েছেন কবির বাসভবনে। একদম নিভৃত একটি গ্রাম। এদিন কবি শহীদ সাগ্নিককে পুরস্কার প্রদান করবে সাহিত্যের কাগজ শব্দপাঠ। প্রথা অনুযায়ী শব্দপাঠ-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পদক দেওয়ার কথা থাকলেও নানা কারণে অনুষ্ঠানটিকে সংক্ষিপ্ত করা হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। ১৭ আগস্ট কবির বাসভবন কমলগঞ্জের শমশেরনগরের গ্রামের বাড়িতে অনেকটা ঘরোয়া পরিবেশে শহীদ সাগ্নিকের হাতে তুলে দেওয়া হলো শব্দপাঠ পদক ২০১০। শব্দপাঠ-এর প্রধান সম্পাদক কবি আতাউর রহমান মিলাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. আবদুল খালিক। অতিথিদের মধ্যে বক্তব্য দেন গবেষক মাহফুজুর রহমান, সাহিত্য ও সমাজকর্মী অপূর্ব নারায়ণ, শহীদ সাগ্নিকের বইয়ের প্রকাশক আবদুর রাজ্জাক, সাংস্কৃতিক কর্মী রেজাউল করিম, নিরঞ্জন দাস, আপতাব লস্কর, শিক্ষক আবদুল হান্নান, সমাজকর্মী আজর আলী, বজলুর রহমান ও কবি শহীদ সাগ্নিক। কবির লেখা থেকে পাঠ করেন মোমেন মাহবুব, সৈয়দ ফখরুল, নুহা, শারমিন ও মাহদী। কবির লেখা গান শোনান অমলেন্দু শর্মা। প্রথমেই কবিকে উত্তরীয় পরিয়ে দেন কবি জয়নাল আবেদীন শিবু। এদিকে, কবি শহীদ সাগ্নিককে পুরস্কার প্রদান উপলক্ষে প্রবাস প্রকাশনী তাঁর কবিতা সমগ্র-১ প্রকাশ করেছে। এদিন আনুষ্ঠানিকভাবে কবিতা সমগ্র-এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শব্দপাঠ-এর সমন্বয়ক মুজাহিদ আহমদ। শব্দপাঠ পদক প্রদান উপলক্ষে কবিকে মানপত্র, ক্রেস্ট ও পঁচিশ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।