মৌলভীবাজার শহরের কয়েকটি এলাকা ডুবে যায় একটু বৃষ্টিতে
কয়েক ঘণ্টার বৃষ্টিতেই তলিয়ে যায় মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকা। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে। অনেক রাস্তায় তিন-চার ফুট পানি জমে যায়। শহরের পানি নিষ্কাশনের প্রধান খাল কোদালীছড়া ভরাট হয়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে একাধিকবার এ রকম জলাবদ্ধতার দুর্ভোগে পড়ছে শহরের বিভিন্ন এলাকার মানুষ।শহরবাসী জানিয়েছে, ২৮ জুন দুপুর থেকে রাতব্যাপী ভারী বর্ষণ হলে মৌলভীবাজার পৌরসভার সার্কিট হাউস এলাকা, টিবি হাসপাতাল সড়ক, পূর্ব গির্জাপাড়া (ফাটাবিল), ধরকাপন, দর্জিমহল, সবুজবাগ, পশ্চিমবাজার, বেরিরচর, সৈয়দ মুজতবা আলী সড়কের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা, আরামবাগ, গোবিন্দশ্রী, সৈয়ারপুরসহ শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। এসব এলাকার তিন শতাধিক বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় মানুষ দুর্ভোগে পড়ে। শহরের সার্কিট হাউস এলাকার বাসিন্দা ফেরদৌস আহমদ প্রথম আলোকে বলেন, ‘ভোর পাঁচটার দিকে আমাদের বাসার নিচতলায় পানি ঢুকে। আমাদের আশপাশের সবকটি বাসাবাড়িতেই পানি উঠেছে। কোদালীছড়া ভরাট হওয়ার কারণে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই এই অবস্থার সৃষ্টি হয়েছে।’ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী বলেন, শুধু পূর্ব গির্জাপাড়া এলাকাতেই ৯৫ শতাংশ বাসাবাড়িতে পানি ঢুকেছে।পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, এই জলাবদ্ধতা নিরসনের জন্য বিভিন্ন সময় কোদালীছড়ার বিভিন্ন স্থানের মাটি ও আবর্জনা পরিষ্কার করা হয়েছে। কিন্তু বর্ষার শুরুতেই বৃষ্টির পানির সঙ্গে খালের পারে খাল থেকে তোলে রাখা ‘লোদ’ (কাদামাটি) পুনরায় খালের মধ্যে চলে আসে, যে কারণে কিছু কাজ হলেও তা স্থায়ী জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। অন্যদিকে শহরের বাইরের অংশে খাল দখল, কোথাও কলমিসহ বিভিন্ন ধরনের আগাছায় ভরাট হয়ে আছে খালটি। ফলে শহর এলাকার কোদালীছড়া অংশ পরিষ্কার করা হলেও ভাটি এলাকা ভরাট ও ঝোপঝাড়ে ঠাসা থাকায় পানি সহজে নিচের দিকে যেতে পারে না। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জলাবদ্ধতা নিরসনের জন্য স্থায়ী ব্যবস্থা নিতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সম্পূর্ণ কোদালীছড়াকে নিয়ে একটি প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছিল। এই প্রকল্পের আওতায় ছিল কোদালীছড়ার পৌর এলাকার দুই কিলোমিটার পাকা ড্রেন ও শহরের বাইরে হাইল হাওর হয়ে গোপলা নদী পর্যন্ত সম্পূর্ণ ছড়ার ঝোপঝাড় পরিষ্কার ও খনন করা। কিন্তু পরবর্তী সময়ে এ প্রকল্প আর বাস্তবায়িত হয়নি। পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এম আমিনুল হক বলেন, ‘কোদালীছড়া খাল শহরের ভেতর দিয়ে গেছে। শহরের বাইরে নিচের দিকে আমরা প্রকল্প নেওয়ার চেষ্টা করেছি। খাল পুনঃখনন হাইল হাওর প্রকল্পের মধ্যে ছিল। কিন্তু সেটা আর হতে পারেনি। আমরা নতুন করে আরেকটি ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) করেছি। তাতেও কোদালীছড়া খননের পরিকল্পনা আছে।’মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূন প্রথম আলোকে বলেন, ‘কোদালীছড়া ভরাট হয়ে গেছে। বিভিন্ন সময় কোদালীছড়ার স্থায়ী সংস্কারের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। কিন্তু আর্থিক সহযোগিতা না পাওয়ায় স্থায়ী সংস্কারের লক্ষ্যে কিছু করা এখনো সম্ভব হয়নি। কোদালীছড়া ভরাটের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।’