মৌলভীবাজার সীমান্তে বিডিআর-বিএসএফের বৈঠক
মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে বাংলাদেশের চার কিলোমিটার অভ্যন্তরে বিডিআর ও বিএসএফের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে।আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার শরীফপুর ইউনিয়নের আমতল বাজারে তেলিবিল উচ্চবিদ্যালয়ে বিডিআর ও বিএসএফের বৈঠকটি হয়।জানা গেছে, বৈঠকে দুই দেশের সীমান্ত এলাকায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধ রক্ষা, কিছু কিছু স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের অমীমাংসিত বিষয়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, দুই দেশের দুর্বৃত্তদের প্রতিরোধ, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা উন্নয়নে যৌথভাবে টহলসহ চাতলাপুর স্থলবন্দর এলাকার ভারত ও বাংলাদেশ অংশে অমীমাংসিত কিছু উন্নয়নকাজ নিয়ে আলোচনা করা হয়।বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্বে ছিলেন বিডিআরের সিলেটের সেক্টর কমান্ডার কর্নেল নিয়ামুল ইসলাম ও ১৪ রাইফেলস ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল নূরুল হুদা। আর বিএসএফের পক্ষে নেতৃত্বে ছিলেন ত্রিপুরার পানি সাগরের বিএসএফের ডিআইজি জহুর খান, ১১৮ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার শ্রীরাজেশ কুমার গুরং ও ২৪ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার শ্রী এস এস সারওয়ান।