মৌলভীবাজারে কালবৈশাখীতে চারজন নিহত
মৌলভীবাজারের ওপর দিয়ে গত সোমবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখীর তাণ্ডবে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। ঝড়ের আঘাতে কয়েক শ কাঁচা-পাকা ঘর বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে অসংখ্য গাছ। সদর উপজেলার বিদ্যুৎ সরবাহব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।রাতে ঝড়ের সময় সদর উপজেলার আমতৈল ইউনিয়নের অলহা গ্রামে ঘরের ওপর একটি কড়ইগাছ ভেঙে পড়লে রোশনা বেগম (৩৫) ও তাঁর ছেলে জুবায়ের উদ্দিনের (৮) মৃত্যু হয়। এ ছাড়া ঘরচাপা পড়ে নিহত হন উপজেলার মনুমুখ ইউনিয়নের করিমপুর গ্রামের আমির উদ্দিন (৩০)। উপজেলার খলিলপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের নেহার বেগম (৩৫) ঝড়ের সময় বজ্রপাতে মারা যান।নিহত রোশনা বেগমের ছেলে জিয়া উদ্দিন গতকাল মঙ্গলবার বলেন, ‘তুফানের সময় সজাগ ছিলাম। হঠাৎ দেখি ঘর ভেঙে পড়ছে। আমি কোনোমতে বেরিয়ে এসে ডাকাডাকি করি। কিন্তু মা ও ভাইকে বাঁচাতে পারিনি। পরে লোকজন এসে বাকিদের উদ্ধার করেন।’ স্থানীয় ব্যক্তিরা জানান, ঝড়ে আমতৈল ইউনিয়নের গ্রামগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া নাজিরাবাদ, আকাইলকুড়া, কাগাবলা, চাঁদনীঘাট ইউনিয়নেরও অনেক গ্রামের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গতকাল ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখা গেছে, অনেক কাঁচা ও আধাপাকা ঘরের টিনের চাল উড়ে গেছে। অনেক ঘরের দেয়াল ধসে পড়েছে। এদিকে ঝড়ে অনেক স্থানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) সরবরাহ লাইন ছিঁড়ে গেছে এবং খুঁটি উপড়ে পড়েছে। এতে মৌলভীবাজার শহর ও শহরতলির বিদ্যুৎব্যবস্থা সোমবার রাত থেকেই বিপর্যস্ত হয়ে পড়েছে। ওই সব এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। পিডিবি সূত্রে জানা গেছে, ঝড়ে শ্রীমঙ্গল-মৌলভীবাজার বিদ্যুৎ সরবরাহ লাইনের বিভিন্ন স্থানে গাছ পড়ে তার ছিঁড়ে গেছে এবং বজ্রপাতে ইনসুলেটর ফেটে গেছে। মৌলভীবাজার-কাশিমপুর পাম্পহাউস লাইনের ১০-১২টি খুঁটি হেলে পড়েছে। এতে মনু নদ প্রকল্পের কাওয়াদীঘি হাওর এলাকায় পানি বাড়লেও হাওর থেকে পানি নিষ্কাশন সম্ভব হচ্ছে না। এলাকাবাসী আশঙ্কা করছেন, দ্রুত পানি নিষ্কাশন করা না হলে কাওয়াদীঘি হাওরের বোরো ফসল তলিয়ে যাবে। পিডিবির মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম চৌধুরী গতকাল সন্ধ্যায় বলেন, মৌলভীবাজার-শ্রীমঙ্গল লাইনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে দুই থেকে তিন দিন সময় লাগবে। এদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন থেকে ঝড়ে নিহতদের পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির সম্পূর্ণ হিসাব এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা তানজিয়া বলেন, ‘এলাকা ঘুরে দেখেছি, আমতৈল ও মনুমুখ ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সবচেয়ে বেশি দরকার ক্ষতিগ্রস্তদের টিন ও নগদ টাকা প্রদান।’ মনুমুখ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুজন মিয়া বলেন, ‘আমার এলাকায় কত ঘর বিধ্বস্ত হয়েছে, তা এখনো সঠিকভাবে জানা সম্ভব হয়নি। তবে শুধু করিমপুর ও সুমারাই এলাকায়ই কম করে ১৫০টি ঘর বিধ্বস্ত হয়েছে।’কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, গত সোমবার রাতের কালবৈশাখীতে কমলগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ৪০০ ঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ে অসংখ্য গাছ উপড়ে গেছে। বৈদ্যুতিক তারের ওপর গাছ পড়ে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গত তিন দিনে মাত্র তিন ঘণ্টা বিদ্যুৎ পাওয়া গেছে। গত রোববার ভোরে কালবৈশাখীতে বিদ্যুতের মূল সরবরাহ লাইন ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সবরাহ বন্ধ হয়ে যায়। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবারহ বন্ধ ছিল।