মৌলভীবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলায় ২০১০ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের গত ১৫ সেপ্টেম্বর সংবর্ধনা দিয়েছে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানকারী সংগঠন অন্বেষা মৌলভীবাজার। মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সাইফুর রহমান মিলনায়তনে সংগঠনের সভাপতি অধ্যক্ষ কোরেশ খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দ মহসীন আলী। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক রণধীর দে ও সাবেক সাংসদ হুসনে আরা ওয়াহিদ। স্বাগত বক্তব্য দেন অন্বেষার সাধারণ সম্পাদক হূষিকেশ দাশ পিন্টু। অন্যদের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ নজরুল ইসলাম, শ্রীমঙ্গল সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, নাট্যকার আবদুল মতিন, মৌলভীবাজার সরকারি কলেজের কৃতী শিক্ষার্থী সাছফা করিম, সুপ্রিয়া দেব, শ্রীমঙ্গল সরকারি কলেজের অয়ন রায় প্রমুখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ৬৭ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। এ উপলক্ষে রজত কান্তি গোস্বামীর সম্পাদনায় অন্বেষা নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে দরিদ্র পরিবারের তিন অদম্য মেধাবীকে বৃত্তি দেওয়া হয়েছে। ২০১০ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিপন মিয়াকে ঊষা রানী গোস্বামী স্মৃতি বৃত্তি, ২০০৯ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সুকান্ত নন্দীকে মরহুম মো. আবদুর রশীদ স্মৃতি বৃত্তি এবং ২০০৯ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত বাবুল দাশকে স্বর্গীয় হরিপদ দাশ স্মৃতি বৃত্তি দেওয়া হয়েছে। অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করা হয়।