মৌলভীবাজারে জলাতঙ্কের প্রতিষেধক টিকা নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ধামাই চা-বাগানের শ্রমিক হূদয় তংলার ছয় বছর বয়সী ছেলে জয়নাথের ডান পায়ে সম্প্রতি একটি পাগলা ককুর কামড় দেয়। প্রাথমিক চিকিৎসা শেষে বাগানের হাসপাতালের চিকিৎসক জয়নাথকে জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা দেওয়ার পরামর্শ দেন। হূদয় তংলা ছেলেকে নিয়ে পাশের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানকার জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান, ওই টিকা তাঁদের কাছে নেই। পরে স্থানীয় একটি ওষুধের দোকানে তিনি খোঁজ করে জানলেন, পাঁচ ডোজের টিকার দাম পড়বে প্রায় তিন হাজার টাকা। দরিদ্র হূদয় তংলা বিপাকে পড়েন। এত টাকা দিয়ে টিকা কেনার সাধ্য নেই তাঁর। মৌলভীবাজারের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভায় জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা না থাকায় এলাকার দরিদ্র লোকজনকে এভাবেই দুর্ভোগ পোহাতে হয়। জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার রাজনগর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া ও বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া ও বড়লেখা পৌরসভায় দীর্ঘদিন ধরে জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা পাওয়া যাচ্ছে না। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভাষ্যমতে, ঢাকার স্বাস্থ্য অধিদপ্তর থেকে ওই টিকা সরবরাহ না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।কুলাউড়া, জুড়ী ও বড়লেখার কয়েকটি ওষুধের দোকানে খোঁজ নিয়ে জানা যায়, জলাতঙ্ক রোগের প্রতিষেধক হিসেবে বাজারে দুটি ওষুধ কোম্পানির ‘বেরোরাব’ ও ‘রাবিপুর’ নামের টিকা কিনতে পাওয়া যায়। সেগুলোর প্রতিটি পাঁচ ডোজের দাম দুই হাজার ৭৫০ থেকে দুই হাজার ৮০০ টাকা। কুলাউড়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌরমণি সিন্হা বলেন, ‘ককুরে কামড়ানো অসচ্ছল পরিবারের রোগীরা প্রায়ই টিকা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। কিন্তু টিকা না থাকায় তাঁদেরকে ফিরিয়ে দিতে হয়। কিছু লোকজন মনে করে, এখানে টিকা আছে। আমরা ইচ্ছে করে তাঁদের দিচ্ছি না।’ একই ধরনের মন্তব্য করেন বড়লেখার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিম উদ্দিন ও জুড়ীর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান। কুলাউড়া পৌরসভার মেয়র কামাল উদ্দিন আহমদ জানান, আগে ঢাকা থেকে সরকারি মূল্যে ১৪ ডোজের টিকা সরবরাহ করা হতো। দেড়-দুই বছর ধরে সেটা বন্ধ। সিভিল সার্জন পারিজাত কুমার পাল প্রথম আলোকে বলেন, ‘জেলার সকল সরকারি হাসপাতাল ও পৌরসভা কার্যালয়ে জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা নেই। ঢাকা থেকে সেটা সরবরাহ করা হচ্ছে না। সমস্যাটি স্বাস্থ্য অধিদপ্তরে বেশ কয়েকবার লিখিতভাবে জানিয়েছি। কিন্তু সাড়া মেলেনি।’জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ নেব।’