মৌলভীবাজারে ট্রাক দুর্ঘটনায় তিন কাঠ পাচারকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে আজ সোমবার গাছ পাচারের সময় ট্রাক দুর্ঘটনায় তিন কাঠ পাচারকারী নিহত এবং চারজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন, কমলগঞ্জ উপজেলার চপিয়ার হায়দার মিয়া (২৬) এবং বাদে উবাহাটা গ্রামের বাছিত মিয়া (৩২) ও এরশাদ মিয়া (২২)। পুলিশ জানায়, আজ সোমবার ভোর সোয়া চারটার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের বাঘরাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে অবৈধভাবে গাছ কেটে ট্রাকে করে পাচারের সময় রাস্তা থেকে ট্রাকটি ছিটকে পড়ে। এতে কাঠের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন ব্যক্তি নিহত হন। পুলিশ ট্রাক ও ৪০ ঘনফুট কাঠ আটক করেছে। আটক হওয়া কাঠের মূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে মামলা হয়েছে।