মৌলভীবাজারে ডাকাতের গুলিতে নিহত ১
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাগপুর ইউনিয়নের কুমারশাইল গ্রামে গতকাল শুক্রবার দিবাগত রাতে মুক্তিযোদ্ধা আবুল খালিকের (৬৫) বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম আনোয়ার হোসেন (২৭)। তিনি সফর উদ্দিনের ছেলে ও আবুল খালিকের প্রতিবেশী।এ ছাড়া ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আবুল খালিক ও গুলিতে তাঁর প্রতিবেশী মোস্তফা উদ্দিন (৫০) গুরুতর আহত হয়েছেন।আবুল খালিকের পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাত পৌনে দুইটার দিকে ১২-১৩ জন ডাকাত দরজা ভেঙে তাঁদের ঘরে ঢোকে। বাধা দিলে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আবুল খালিককে গুরুতর জখম করে। পরে তাঁরা পরিবারের অপর সদস্যদের দড়ি দিয়ে বেঁধে আলমারি ভেঙে ছয়-সাত ভরি স্বর্ণালংকার ও নগদ তিন হাজার টাকা নিয়ে বেরিয়ে যায়। আবুল খালিকের পরিবারের সদস্যদের চিৎকারে পাশের বাড়ির আনোয়ার হোসেন ও মোস্তফা উদ্দিন এগিয়ে আসেন। এ সময় ডাকাতেরা গুলি চালালে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন নিহত হন। এ ছাড়া মোস্তফা উদ্দিনের বাঁ-হাতে গুলি লাগে। আবুল খালিক ও মোস্তফা উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কুলাউড়া সার্কেলের পুলিশ সুপার (এসপি) আহাদুজ্জামান মিয়া ও বড়লেখা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) অমর কুমার ধর সকাল ছয়টায় ঘটনাস্থলে আসেন।পুলিশ আনোয়ার হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অমর কুমার ধর জানিয়েছেন, এ ঘটনায় আবুল খালিকের ছেলে উজ্জ্বল আহমেদ (৩০) বাদী হয়ে বড়লেখা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।