একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল মৌলভীবাজারে তদন্তকাজ পরিচালনা করেছে। আজ মঙ্গলবার তদন্ত দলটি দ্বিতীয় দিনের মতো মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন বধ্যভূমি, গণকবর, পাকিস্তানি বাহিনীর নির্যাতন কেন্দ্র ও স্মৃতিসৌধ পরিদর্শন করে।এ সময় তদন্ত দল নরিয়ার গণহত্যা থেকে বেঁচে যাওয়া লোকজন, নির্যাতিত নারী, ক্ষতিগ্রস্ত লোকজনের সাক্ষ্য গ্রহণ করে। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে ‘২৫ বৈশাখ’ পাকিস্তানি বাহিনী নরিয়ায় হত্যাযজ্ঞ পরিচালনা করে। তদন্ত দলের সঙ্গে উপস্থিত জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সেদিন শহীদদের একটি গর্তে মাটি চাপা দেওয়া হয়েছিল। এই জমির মালিক জমি বিক্রির সময় বধ্যভূমির জন্য ১৬ শতক জমি বাদে অন্যান্য জমি বিক্রি করেছিলেন। কিন্তু এই স্থানটির অস্তিত্ব এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। জায়গা বেদখল হয়ে গেছে।’তদন্ত দলটি পরে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কের বেরি লেকের পাড়ের সাত শহীদের গণকবর পরিদর্শন করে। তাদের সঙ্গে উপস্থিত জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন প্রথম আলোকে আরও বলেন, পাকিস্তানি বাহিনী শহরের সৈয়ারপুর এলাকার একটি ইটখোলার ছয় শ্রমিকসহ সাতজনকে হত্যা করে। পরে তাদের এখানে এনে গণকবর দেওয়া হয়েছিল। এরপর তদন্ত দল মনু নদীর সেতুর কাছের স্মৃতিসৌধ পরিদর্শন করে।তদন্ত দল মৌলভীবাজার শহরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র (পিটিআই) পরিদর্শন করে। এই স্থানটি ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর ব্রিগেড হেড কোয়ার্টার ও নির্যাতন কেন্দ্র। এখানে তারা বাংকার নির্মাণ করে জেলার বিভিন্ন স্থান থেকে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক নেতা-কর্মীসহ সাধারণ লোকজনকে ধরে এনে নির্যাতন করত। পিটিআই পরিদর্শনের মধ্য দিয়েই মৌলভীবাজারে তদন্ত দলের কাজ শেষ হয়েছে বলে তদন্ত দল সূত্রে জানা গেছে।তদন্ত দলের অন্যতম সদস্য মনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ‘নরিয়ায় একসঙ্গে লাইন করে ২৬ জন লোককে হত্যা করা হয়েছে। দুজনকে ঘরের ভেতর আটকে পুড়িয়ে মারা হয়েছে। সেই লাইন থেকে তখন যারা কোনো রকম দৌড়ে পালিয়ে বেঁচেছিল, সে রকম বেশ কয়েকজনের সঙ্গে আমাদের কথা হয়েছে। এ ছাড়া পিটিআই, মনু সেতু ও গণকবর পরিদর্শন করেছি আমরা।’