মৌলভীবাজারে পঞ্চকবির গান ও রবীন্দ্রজয়ন্তী
মৌলভীবাজারে পঞ্চকবির গান, রবীন্দ্রজয়ন্তী ও বসন্ত উৎসবকে ঘিরে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন হয়ে গেল। প্রতিটি আয়োজন ছিল ভিন্ন ভিন্ন মেজাজের, আলাদা মাত্রার। আলোচনা, গান, নৃত্য, প্রতিযোগ ও শোভাযাত্রায় সাজানো এসব আয়োজন থেকে দর্শক-শ্রোতারা নতুন রকমের স্বাদ পেয়েছেন।আলোকধারার পঞ্চকবির গান: আলোকধারা মৌলভীবাজার আয়োজন করেছিল বাংলা গানের পাঁচ নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেন স্মরণে প্রতিযোগ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। ২১ মে সকালে স্কুল ও কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই পাঁচ কবির জীবন ও কর্মভিত্তিক কুইজ প্রতিযোগিতা হয়েছে মৌলভীবাজার সরকারি কলেজে। সন্ধ্যায় ছিল সাইফুর রহমান মিলনায়তনে আলোকধারার আহ্বায়ক এম এ আহাদের সভাপতিত্বে আলোচনা সভা। আলোচনা করেন অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান, প্রাবন্ধিক স্বপন নাথ ও লেখক আকমল হোসেন। স্বাগত বক্তব্য দেন গবেষক মাহফুজুর রহমান। উপস্থাপনায় ছিলেন নারায়ণ সরকার। এরপর পরিবেশন করা হয় নৃত্য ও শিশুদের সমবেত সংগীত। সংগীত পরিচালনায় ছিলেন তৃপ্তি চক্রবর্তী। এ ছাড়া একক সংগীত পরিবেশন করেন পুষ্পিতা দেব, মীরা সিনহা, সুপ্রিয়া মিশ্র, অপরাজিতা রায়, মানসী চক্রবর্তী ও অনুপম পাল। উপস্থাপনায় ছিলেন সৈয়দ মনসুর আহমদ সুমেল ও সুস্মিতা দেব। সবশেষে প্রতিযোগে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার হিসেবে বই ও সনদ তুলে দেওয়া হয়।রবীন্দ্রজয়ন্তী: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে ২৫ বৈশাখে উদ্যাপিত হলো রবীন্দ্রজয়ন্তী। রবীন্দ্রজয়ন্তী উদ্যাপন পরিষদ এদিন সকালে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এদিন বিকেলে সাইফুর রহমান মিলনায়তনে রবীন্দ্রজয়ন্তী উদ্যাপন পরিষদ আয়োজন করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।রবীন্দ্রজয়ন্তী উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও সাবেক সাংসদ আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা করেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাংসদ সৈয়দ মহসীন আলী, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মো. হারুন অর রশীদ, অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান, প্রাবন্ধিক মো. আবদুল খালিক, গবেষক মাহফুজুর রহমান ও প্রাবন্ধিক স্বপন নাথ। অনুষ্ঠান সঞ্চালন করেন রবীন্দ্রজয়ন্তী উদ্যাপন পরিষদের সদস্য সচিব অপূর্ব কান্তি ধর।এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে ছিল শত শিশুর অংশগ্রহণে নৃত্যানুষ্ঠান। নৃত্য পরিচালনায় ছিলেন সুমনা সরকার ও প্রদীপ নাহা। শিল্পী ছায়া রায় ও তৃপ্তি চক্রবর্তীর পরিচালনায় পরিবেশন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নানা পর্বের সংগীত। এতে স্থানীয় ও অতিথি শিল্পীরা অংশগ্রহণ করেন। প্রদর্শন করা হয় কুঠিবাড়ীর ওপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র। রবীন্দ্রনাথের গান ও নৃত্য দিয়ে সাজানো এই অনুষ্ঠান অনেক রাত পর্যন্ত দর্শক-শ্রোতারা উপভোগ করেন।