মৌলভীবাজারে প্রকৃত মূল্য পাচ্ছেন না লেবুচাষিরা
দালাল প্রথার কাছে আটকে আছেন মৌলভীবাজারের অনেক লেবুচাষি। বছরের পর বছর ধরে দালাল ছাড়া আড়তদার বা পাইকারদের কাছে সরাসরি লেবু বিক্রি করতে পারছেন না তাঁরা। এতে প্রকৃত মূল্য থেকে চাষিরা বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে দুই-তিন হাত ঘুরে খুচরা বাজার থেকে ক্রেতারা বেশি দামে লেবু কিনছেন। সঠিক বাজার ও সংরক্ষণের ব্যবস্থা গড়ে না ওঠায় লেবুচাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।কৃষি বিভাগ ও চাষিদের সঙ্গে আলাপে জানা গেছে, লেবু চাষের জন্য মৌলভীবাজার জেলার টিলাভূমি একটি উর্বর জায়গা। এসব টিলাভূমিতে আদিবাসী জনগোষ্ঠী ও পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষ বংশানুক্রমে লেবুর চাষ করে আসছেন। লেবু চাষ সুবিধাজনক হওয়ায় শ্রীমঙ্গল, কুলাউড়া, রাজনগর, জুড়ী ও বড়লেখা উপজেলার টিলাভূমিতে তৈরি হয়েছে নতুন নতুন লেবুর বাগান। লেবুচাষি ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, লেবু উৎপাদনের ভরা মৌসুম হচ্ছে জ্যৈষ্ঠ থেকে শ্রাবণ মাস। এ সময় প্রতিদিন শ্রীমঙ্গলের বিভিন্ন আড়তে দুই থেকে আড়াই লাখ লেবু বিক্রি হয়ে থাকে। এ লেবু ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ট্রাকে চলে যায়। শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়া ত্রিপুরা (টিপরা) আদিবাসী পল্লির লেবুচাষি সনজিত দেব বর্মণ বলেন, ‘আমরা লেবু উৎপাদন করলেও সরাসরি আড়তদার বা পাইকারের কাছে লেবু বিক্রি করতে পারি না। আমাদের হয়ে দালালরা লেবু বিক্রি করেন। এ জন্য এক ঠেলা লেবুর জন্য তাঁদের ২০ থেকে ৩০ টাকা কমিশন দিতে হয়। বংশানুক্রমে আমরা লেবুর চাষ করে আসছি। এটাই আমাদের একমাত্র আয়ের পথ। কিন্তু এখনও লেবু বিক্রির সুষ্ঠু বাজার ও সংরক্ষণের কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি। সংরক্ষণের ব্যবস্থা থাকলে কৃষকেরা লাভবান হতেন।’ সনজিত দেব বর্মণ জানান, বারো মাসই গাছে লেবু আসে। তবে লেবুর ভরা মৌসুম জ্যৈষ্ঠ থেকে শ্রাবণ মাসে গাছে ফলন বেশি হয়ে থাকে। সে সময় লেবুর দাম পান না তাঁরা। তখন একটি লেবু বিক্রি হয় ৪০ থেকে ৫০ পয়সা। অর্থাৎ ৮০০ লেবুর একটি ঠেলাগাড়ি বিক্রি হয় ৪০০ থেকে ৫০০ টাকায়। তবে হাট-বাজারে খুচরা পর্যায়ে সেই একই লেবু বিক্রি হয় তখন দেড় থেকে দুই টাকা। এখন মৌসুম শেষ প্রান্তে। তাঁরা একটি লেবু বিক্রি করছেন দুই থেকে আড়াই টাকা করে। অর্থাৎ এক ঠেলাগাড়ি বিক্রি হচ্ছে এক হাজার ৬০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত। দালাল বা ফড়িয়া, আড়তদার, পাইকার ও খুচরা বিক্রেতার হাত ঘুরে সেই লেবু সাত-আট কিলোমিটার দূরের বাজারে ক্রেতার কাছে বিক্রি হচ্ছে চার টাকা থেকে ১০ টাকায়। ডলুছড়ার লেবুচাষি সুভাষ দাস বলেন, ‘দালালরা বাজার সিন্ডিকেট করে রেখেছে। বাজারে সরাসরি বিক্রি করতে গেলে আমরা দাম পাই না। বাজারে গেলে আড়তদার ও পাইকাররা তখন নিজেদের মধ্যে কী সব কানাকানি করে। তারপর কেউ আমাদের ফসল কেনে না। দালাল ছাড়া আমরা লেবু বিক্রি করতে পারি না। আমরা কষ্ট করে উৎপাদন করি। কিন্তু দাম পাই না।’ শ্রীমঙ্গল শহরের লেবুর আড়তদার মো. আনোয়ার মিয়া বলেন, ‘আমরা এখন দুই থেকে আড়াই টাকায় লেবু কিনছি। এই লেবু ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, উত্তরবঙ্গসহ বিভিন্ন স্থানে পাঠিয়ে দিই। আমরা বস্তাপ্রতি ৫০ টাকা কমিশন পেয়ে থাকি। লাভ-ক্ষতি পাইকারের।’ তিনি জানান, কিছু আড়তদার আছেন, যাঁরা সরাসরি কিনে নিয়ে বাজারে বিক্রি করেন। খুচরা বিক্রেতা আবদুর রহিম বলেন, ‘আমরা ১৫-২০ থেকে ৪০ টাকা পর্যন্ত লেবুর হালি বিক্রি করছি।’ ক্রেতা জুলফিকার আলী ভুট্টো জানান, মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার থেকে তিনি এক হালি লেবু ৪০ টাকায় কিনেছেন।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলায় দুই হাজার ৫২৯ একর জমিতে লেবুর চাষ হচ্ছে। শুধু শ্রীমঙ্গল উপজেলাতেই দুই শতাধিক লেবুর বাগান আছে বলে জানা গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক মো. শাহজাদা প্রথম আলোকে বলেন, ‘লেবু চাষের জন্য এই এলাকা উপযুক্ত। এখানে ফসল খুব ভালো হয়। দাগ পড়া অসুখ সারানোর জন্য অচিরেই লেবুগাছে পরীক্ষামূলক একটি ওষুধ ব্যবহার করা হবে। যদি প্রতিকার ভালো মেলে তাহলে পরবর্তী সময়ে সব কৃষকদের সেটা ব্যবহারের পরামর্শ দেওয়া হবে।’