মৌলভীবাজারে ফতোয়ার ঘটনায় চারজনকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বড়কাপন গ্রামে ফতোয়ার ঘটনা নিয়ে স্থানীয় চার ব্যক্তিকে তলব করেছেন হাইকোর্ট। ২৪ ফেব্রুয়ারি স্থানীয় বড়কাপন জামে মসজিদের সেক্রেটারি মৌলবি ফয়জুল, আজাদ মিয়া, নানু মিয়া ও আছকর মিয়াকে আদালতে হাজির হতে বলা হয়েছে। মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ওই দিন তাঁদের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন এবং অন্তর্বর্তীকালীন আদেশ দেন।জানা যায়, ১০ ফেব্রুয়ারি সংবাদমাধ্যমে ‘ফতোয়াবাজের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে দম্পতি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, সালিসের ফতোয়া মেনে হিল্লা বিয়েতে রাজি না হওয়ায় চার মাস ধরে পালিয়ে বেড়াতে হচ্ছে মৌলভীবাজারের এক কৃষক দম্পতিকে। এ নিয়ে ৯ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঘটনার শিকার কয়ছর মিয়া ও তাঁর স্ত্রী রাবেয়া খাতুন সংবাদ সম্মেলন করেন। এসব প্রতিবেদন যুক্ত করে ফতোয়াবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরশেদ রিট আবেদনটি আদালতে দাখিল করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।এ ছাড়া রাবেয়া খাতুন ও কয়ছর মিয়াকে নিজ বাড়িতে পুনর্বাসন করতে এবং পর্যাপ্ত নিরাপত্তা দিতে মৌলভীবাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে তাঁদের এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে ওই চার ব্যক্তির বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, মৌলভীবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে।