মৌলভীবাজারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ১৩ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ির অবৈধ পার্কিংবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা কেন্দ্র করে আজ রোববার মৌলভীবাজারে পুলিশ ও কার-মাইক্রোবাসের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে দুই দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ১৩ জন শ্রমিক ও নয়টি গাড়ি আটক করেছে। সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন। এ সময় শ্রমিকদের রাস্তা অবরোধের কারণে মৌলভীবাজার পৌর এলাকার কোর্ট রোডে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।আটক হওয়া ব্যক্তিরা হলেন, চৌমোহনা কার-মাইক্রোবাস স্ট্যান্ডের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন খান আদিল (৪০), আলী নেওয়াজ (৪৫), কামাল (২২), বিপুল রায় (৩৩), ফয়সল আহমদ (২৫), আবদুল আহাদ (৩৫), সোহাগ (১৮), সালেহ আহমদ (৩১), আমির হোসেন (২২), ইফজুর রহমান (২৮), টিপু মিয়া (৩০), মো. রোকন (১৬) ও বিমল ধর (৩০)।পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার শহরের কোর্ট রোড এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে গাড়ির অবৈধ পার্কিংবিরোধী একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় শ্রমিকেরা আদালতের কাজে বাধার সৃষ্টি করেন। পুলিশ চার শ্রমিককে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনার পর দুপুর সাড়ে ১২টার দিকে কোর্ট রোডে অবস্থানকারী কার-মাইক্রোবাস শ্রমিক এবং পুলিশের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। পুলিশের ধাওয়ায় একপর্যায়ে শ্রমিকেরা পিছু হটেন। পুলিশ ঘটনাস্থল থেকে আরও নয়জনকে এবং নয়টি কার-মাইক্রোবাস আটক করে। সংঘর্ষে সদর মডেল থানার উপপরিদর্শক পরিমল চন্দ্র দেব, দোকান কর্মচারী রাজন পালসহ তিনজন আহত হয়েছেন। রাজন পালকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা তানজিয়া প্রথম আলোকে বলেন, ‘শহরের যানজট নিরসন ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় শ্রমিকেরা কাজে বাধার সৃষ্টি করেন। তাঁদের অনেকবার এখানে গাড়ি না রাখতে বলা হয়েছে। তাঁরা অতীতে সময় চেয়েছেন। তাঁদের সময় দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা শুনছেন না।’মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান প্রথম আলোকে জানান, সদরের ইউএনও চারজনকে আটক করেন। এরপর শ্রমিকেরা রাস্তায় ব্যারিকেড দেন। ব্যারিকেড তুলতে শ্রমিকদের সঙ্গে দুই দফা সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি।